ডেস্ক রিপোর্টার,২১ নভেম্বর।।
     গত তিনদিনে লাগাতার মৃত্যু মিছিল চলছে উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে।সে রাজ্যের চান্দেল জেলায় বিষমদ পানের জেরে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। খবর, বিষাক্ত পানীয় খেয়ে এখনও পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ১৮০ জন। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
     প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মদ পানের পর থেকেই একে একে বহু মানুষ অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। অধিকাংশেরই তীব্র পেটব্যথা, বমি এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি তাঁদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ১৫ জনের মৃত্যু হয়। হাসপাতালে ভর্তি ১৮০ জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে ওই পানীয়ের মধ্যে ঠিক কী ধরনের বিষাক্ত রাসায়নিক বা উপাদান মেশানো ছিল, যার জেরে একসঙ্গে এতগুলি প্রাণহানি ঘটল, তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। ঘটনার গুরুত্ব বিচার করে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে মণিপুর প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর। অসুস্থদের চিকিৎসার জন্য বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং পানীয়ের নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
অন্যদিকে, কীভাবে এবং কোথা থেকে এই বিষমদ এলাকায় ছড়িয়ে পড়ল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার নেপথ্যে থাকা অবৈধ মদ কারবারিদের খোঁজে জেলার বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। মণিপুর সরকার স্থানীয় পদ্ধতিতে প্রস্তুত মদজাতীয় কোনও কিছু পান না করার পরামর্শ দিয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *