ডেস্ক রিপোর্টার,২২ নভেম্বর।।
বাংলাদেশের নড়াইলে ফের উত্তেজনা! কালিয়ার বেন্দারচর গ্রামে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি উঠেছে, আক্রান্ত হয়েছে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর। ছড়িয়ে পড়েছে আগুনের ছবি ও ভিডিও। কিন্তু এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে নড়াইল জেলা পুলিশ। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরাও জানিয়েছেন, তাঁদের এলাকায় এমন কোনও হামলার ঘটনা ঘটেনি।
তাহলে প্রকৃত ঘটনা কী? কারা আক্রান্ত হলেন?
কেনই বা সাম্প্রদায়িক হামলার অভিযোগ ঘিরে তৈরি হলো এত বিতর্ক?
ঘটনার সূত্রপাত নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে। গত ১৮ নভেম্বর বিএনপির দুই নেতাকর্মী শাহীন শেখ ও সোহেল মোল্লা হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।
বাংলাদেশ পুলিশের তথ্য অনুযায়ী, ২০ নভেম্বর নিহতদের ক্ষুব্ধ আত্মীয়স্বজন ও অন্য ব্যক্তিরা গ্রামে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর বাড়িতে হামলা চালান। বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ হয়েছে। প্রশাসনের তরফেও একাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানানো হয়েছে।
কিন্তু এই ঘটনাকে হিন্দু সম্প্রদায়ের ওপর পরিকল্পিত আক্রমণ হিসেবে সামাজিক মাধ্যমে প্রচার শুরু হতেই তৈরি হয় নতুন বিতর্ক।
নড়াইল জেলা পুলিশ জানিয়েছে, “বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার অভিযোগ সত্য নয়। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরাও দাবি করেছেন, তাঁরা নিরাপদে রয়েছেন এবং তাঁদের বসতবাড়ি বা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি।”
এমনকি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও ও ছবির সত্যতা যাচাই করে দেখা গেছে, সেগুলোর কিছু অন্য এলাকার পুরোনো অগ্নিকাণ্ডের দৃশ্য এবং কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি।
তবে একটি বিষয় স্পষ্ট—রাজনৈতিক বিরোধের জেরে বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও মানুষের সম্পত্তি ধ্বংস কোনওভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।নড়াইলের ঘটনা আবারও সামনে আনল একটি কঠিন বাস্তবতা—গুজব নয়, চাই সত্য; প্রতিহিংসা নয়, চাই আইনের শাসন।
Oplus_16908288