ডেস্ক রিপোর্টার,২২ নভেম্বর।।
        জুতো মেরে গরু দান করা —- বাংলার এই প্রবাদ বাক্যটি অক্ষরে অক্ষরে মিলে গেলো বিজেপির খোয়াই জেলা কমিটির বাহুবলী সভাপতি সমীর কুমার দাসের ক্ষেত্রে। খোয়াই শহরের একটি চায়ের দোকানে অসহায় মহিলার সঙ্গে বীরত্ব দেখালেন বিজেপি নেতা সমীর কুমার দাস। তার এই অপরাধ জনিত কাজকর্মের ভিডিও ভাইরাল হতেই ঘুম ভাঙে নেতার। ঘটনার জন্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়ে নেন। সমাজ মাধ্যমে সমীর কুমার দাস দাবি করেন, ” তিনি এই অনভিপ্রেত ঘটনার জন্য অনুতপ্ত।
    বেশ, ক্ষমা চাইলেও কি নেতা বলে সাত খুন মাপ?  তার বিরুদ্ধে কেন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে না খোয়াই থানার পুলিশ? একজন মহিলার সঙ্গে কোনো যুবক দুর্ব্যবহার করলে কি সেই যুবককে ছাড় দিতো পুলিশ? নিশ্চয়ই না। তাহলে বিজেপি নেতা সমীর কুমার দাসের জন্য পৃথক আইন হবে কেন? প্রশ্ন তুলছে খোয়াইয়ের সাধারণ মানুষ।
      ঘটনার দিন বিজেপির বাহুবলী নেতা সমীর ও তার সাঙ্গপাঙ্গরা গিয়েছিলেন খোয়াই শহরের “কড়ক চা কফি হাউসে”। নেতা সমীর কুমার দাস সেখানে দোকানের পাশে বসে সিগারেটের সুখ টান দিচ্ছিলেন। তার সিগারেটের ধোঁয়া ম ম করছিল গোটা দোকান চত্বর। তখন দোকানের মালকিন খুব বিনয়ের সঙ্গে বলেন, ” দাদা আপনি একটু দূরে গিয়ে ধূমপান করুন।” তার তাতে মহামান্য নেতা বাবুর গাত্র দহন হয়।


    একটু পরেই নেতা সমীর কুমার দাসের ক্ষমতার দম্ভের স্ফুলিঙ্গ জ্বলে উঠে। তিনি মহিলাকে উদ্দেশ্য করে  বলেন, ” তুমি কাকে কী বলছো? তুমি জানো আমি কে? “
  এরপরেই বিজেপির খোয়াই জেলা কমিটির সভাপতি সমীর কুমার দাসের গুন্ডামীর নগ্ন চিত্র প্রকাশ্যে চলে আসে। অসহায় মহিলার সামনেই তার দোকান ভাঙচুর করতে থাকেন। মহিলা অত্যন্ত বিনয়ের সঙ্গে নেতাকে বুঝানোর চেষ্টা করছেন। কিন্তু নেতার জ্বলে উঠেন ক্ষমতার স্ফুলিঙ্গে।
   খোয়াই জেলার বাহুবলী নেতা সমীর দাসের এই কদর্য চেহারা থেকে স্পষ্ট, তিনি আরও বড় রাজনৈতিক ক্ষমতা পেলে কি করতে পারেন? তার এই দস্যুপনা কেউ মেনে নিতে পারেনি। বরং ভোটের মুখে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ও বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়কে লজ্জার মুখে ফেলে দিয়েছেন সমীর কুমার দাস। ছিঃ ছিঃ, এটা লজ্জা। এখন বালিতেও মুখ লুকানোর জায়গা পাচ্ছেন না কংগ্রেস থেকে বিজেপিতে আসা বাহুবলী নেতা সমীর কুমার দাস।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *