ডেস্ক রিপোর্টার , ২৪ নভেম্বর ।।
আগরতলা পুর নিগমের ২৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী তথা কর্পোরেটর সুখময় সাহার সমর্থনে অনুষ্ঠিত হলো জনসভা। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের সংসদ রাজীব ভট্টাচার্য, বিদায়ী মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব। বিজেপির এই জনসভায় লোকজনের সমাগম ছিলো চোখে পড়ার মতো।
এদিনের জনসভায় সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, বাম জমানায় শহরে প্রচুর পুকুর ভরাট করা হয়েছে অবৈধ ভাবে। বামেদের এলসিএম, ডিসিএমদের টাকা দিলেই সব শেষ। কিন্তু বিজেপির জামানায় স্মার্ট সিটির অধীনে ২৫টি জলাশয়কে খনন করা হয়েছে। এগুলি এখন মানুষ ব্যবহার করছে।
তিনি বিজেপির জামানায় উন্নত নাগরিক পরিষেবার তথ্যও তুলে ধরেন। যেগুলি আগে বাম জমানায় সুবিধা পেতো না নাগরিকরা।
এই জনসভায় উপস্থিত আগরতলা পুরো নিগমের বিদায়ী মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার তার বক্তব্যে, বৃষ্টিতে আগরতলা শহরে জল জমে থাকার ইস্যু নিয়ে মুখ খুলেন। তিনি বলেন বৃষ্টিতে আগরতলা শহরকে জল মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। তা করিয়ে দেখিয়েছে। এক সময় শহরে ঘন্টার পর ঘন্টা বৃষ্টির জল জমে থাকতো। আর এখন জল জমে ৩০ থেকে ৪০ মিনিট। সক্রিয় থাকে শহরের সব পাম্প।
তিনি বলেন, বর্তমান সময়ে আগরতলা শহরে বৃষ্টির জল জমাট বাঁধলে, রাস্তায় নেমে যান খোদ মুখ্যমন্ত্রী। তিনি নিজেও নামেন জলে। মানুষের সমস্যার কথা শুনেন। মন্ত্রী – বিধায়করাও ব্যতিক্রম নন।
এই ওয়ার্ডের বিজেপির মনোনীত প্রার্থী সুখময় সাহা স্পষ্ট করে বলেন, নাগরিকদের উন্নত পরিষেবা দেওয়াই তার লক্ষ্য। আগেও তিনি ভোটে জয়ী হয়ে এটাই করেছেন। এখনো করছেন। আগামী দিনেও করবেন।

