তেলিয়ামুড়া ডেস্ক, ২৬ নভেম্বর।।
রাত পোহালেই পুর নির্বাচন।খোয়াই জেলার তেলিয়ামুড়া পৌর পরিষদের ভোটগ্রহণকে কেন্দ্র করে বুধবার প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। আজই স্ট্রং রুম থেকে ইভিএম এবং প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভোটকর্মীরা।
তেলিয়ামুড়া পৌর পরিষদের মোট ১৫টি আসনের মধ্যে ইতিমধ্যেই ৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে বিজেপি। বাকি ১১টি আসনের জন্য মোট ১৮টি পোলিং স্টেশন তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ পর্ব। নির্বাচনের রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী জানিয়েছেন, ভোটের সমস্ত প্রস্তুতি সম্পন্ন এবং তিনি সকল ভোটারকে গণতন্ত্রের এই উৎসবে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে,আজ তেলিয়ামুড়ার বিভিন্ন পোলিং স্টেশন এবং এস.ডি.এম অফিসের স্ট্রং রুম ঘুরে দেখেন খোয়াই জেলার জেলাশাসক তথা জেলা রিটার্নিং অফিসার রজত পন্থ। তিনি জানান, সমস্ত পোলিং পার্টি ইতিমধ্যেই নিজ নিজ কেন্দ্রে পৌঁছে গেছে।

সেই সাথে নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি পোলিং টিমের সাথে থাকছেন ৪ জন করে নিরাপত্তা কর্মী, যারা ভোটগ্রহণ শেষ করে ইভিএম স্ট্রং রুমে পৌঁছানো পর্যন্ত মেশিনের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। পাশাপাশি কেন্দ্রের বাইরের আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে সি.এ.পি.এফ, টি.এস.আর এবং রাজ্য পুলিশ।
উল্লেখ্য, তেলিয়ামুড়া পৌর পরিষদ নির্বাচনে এবার মূল লড়াই হতে চলেছে শাসকদল বিজেপি এবং বাম-কংগ্রেস জোটের মধ্যে। রাজ্যের যে কয়টি পৌর এলাকায় বাম ও কংগ্রেস জোটবদ্ধভাবে লড়ছে, তেলিয়ামুড়া তার মধ্যে অন্যতম। এখন দেখার, আগামীকালের ভোটে তেলিয়ামুড়াবাসী কাদের হাতে পৌর পরিষদের ক্ষমতা তুলে দেয়।

