ডেস্ক রিপোর্টার,২৫ নভেম্বর।।

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। শুক্রবার রাজ্যে পুরভোটের মহারণ। বুধবার বিকেল ৪টায় শেষ হলো রাজনৈতিক দলগুলোর সরব প্রচার। বিকেল ৪টা বাজতেই থেমে গেল মাইকের আওয়াজ। শুরু হলো নীরব প্রচারের পালা। রাজ্যে ১টি পুর নিগম, ১৩টি পুর পরিষদ এবং ৭টি নগর পঞ্চায়েত—মোট ২১টি পুর সংস্থার ৩৪৫টি ওয়ার্ড নিয়ে এবারের পুরভোটের প্রক্রিয়া শুরু হয়েছিল। তবে মনোনয়ন প্রত্যাহারের পর্ব শেষেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭৭টি আসন দখল করে নেয় শাসকদল বিজেপি। মোহনপুর, রানিবাঁজার, শান্তিরবাজার পুর পরিষদ এবং জিরানিয়া ও কমলপুর নগর পঞ্চায়েত—এই ৫টি পুর সংস্থার সবকটি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে পদ্ম শিবির। ফলে শুক্রবার ভোট হতে চলেছে ১৬টি পুর সংস্থার ২৬৮টি ওয়ার্ডে।

অনেকের মতে,এবার সবচেয়ে বেশি নজর রয়েছে রাজ্যের একমাত্র পুর নিগম—আগরতলার দিকে। এখানকার ৫১টি ওয়ার্ডের সবকটিতেই লড়াই হচ্ছে বিজেপি, বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে। তবে সবথেকে বেশি চর্চায় রয়েছে আগরতলা পুর নিগমের ১৯ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে শাসকদল বিজেপির বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্দল প্রার্থী পূরবী দেববর্মা। সব মিলিয়ে গোটা রাজ্যে এবারের পুরভোটের ময়দানে লড়াই করছেন

বিজেপির ৩৪২ জন।এরমধ্যে এর৭৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী।বামফ্রন্ট প্রার্থী রয়েছেন ২২৮ জন, কংগ্রেস এর ২০১ জন, তিপ্রা মথার ১০ জন নির্দল ও অন্যান্য ২৯ জন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শুক্রবারের নির্বাচনে মোট ৫ লক্ষ ৬৫ হাজার ৫১৩ জন ভোটার তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। তাৎপর্যপূর্ণভাবে এবার পুরুষদের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেশি। রাজ্যজুড়ে মোট ৭০৪টি পোলিং স্টেশনে ভোট নেওয়া হবে, যার মধ্যে ৪৩৯টি বুথ রয়েছে শুধুমাত্র আগরতলা পুর নিগম এলাকায়। ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৯০৯টি পোলিং টিম এবং প্রায় ৪,৬০০ ভোটকর্মী নিযুক্ত থাকছেন। অন্যদিকে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নতুন করে আসা ২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সহ মোট ৩৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ এবং টিএসআর জওয়ান মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই ডিসপার্সাল সেন্টারগুলি থেকে বুথের উদ্দেশ্যে রওনা দেবেন ভোটকর্মীরা।

শুক্রবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে নির্বাচনে অবতীর্ণ প্রার্থীদের ভাগ্য নির্ধারণের পালা। শাসকদলের উন্নয়নের দাবি, নাকি বিরোধীদের প্রতিরোধ—কার পক্ষে রায় দেবেন শহরবাসী, তা স্পষ্ট হবে আগামী ২ ডিসেম্বর ভোটগণনার দিন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *