শাসকদলের উন্নয়ন দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে কংগ্রেস ও বামেদের প্রধান হাতিয়ার ছিল ‘দুর্নীতি’। বিরোধীদের দাবি, অতীতের বাম আমলে বিভিন্ন পৌরসভা, নগর নিগম এমনকী নগর পঞ্চায়েতের কাজকর্মের স্বচ্ছ হিসাব লিখিত বইয়ের মাধ্যমে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হতো। সেই জায়গায় আজ স্বচ্ছতার অভাব রয়েছে বলেই সরব হয়েছে বিরোধীরা।
ডেস্ক রিপোর্টার,২৬ নভেম্বর।।
প্রায় মাসখানেক ধরে চলা জমজমাট প্রচারের অবসান। ভোটের দামামা বেজে গেছে। পৌর নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পারদ এখন চরমে। প্রতিদ্বন্দ্বী কোনো দলই প্রচারে জমি ছাড়েনি, তবে ভোটের মাঠে প্রচারের কৌশল ও গতিতে শাসকদল বিজেপি যে কিছুটা হলেও এগিয়ে ছিল, তা বলাই বাহুল্য। কিন্তু শেষবেলার এই ইস্যুর লড়াইয়ে পাল্লা কার দিকে ভারী? আসুন, দেখে নেওয়া যাক ভোটের অঙ্ক ও রাজনৈতিক সমীকরণ।
এবারের পৌর নির্বাচনের প্রচারে শাসকদল বিজেপির মূল তুরুপের তাস ছিল ‘উন্নয়ন’। শহর ও নগর এলাকার পরিকাঠামো বদল, নাগরিক পরিষেবা আর উন্নয়নের ধারা অব্যাহত রাখার বার্তা নিয়েই মানুষের দুয়ারে পৌঁছেছে গেরুয়া শিবির।

অন্যদিকে, শাসকদলের উন্নয়ন দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে কংগ্রেস ও বামেদের প্রধান হাতিয়ার ছিল ‘দুর্নীতি’। বিরোধীদের দাবি, অতীতের বাম আমলে বিভিন্ন পৌরসভা, নগর নিগম এমনকী নগর পঞ্চায়েতের কাজকর্মের স্বচ্ছ হিসাব লিখিত বইয়ের মাধ্যমে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হতো। সেই জায়গায় আজ স্বচ্ছতার অভাব রয়েছে বলেই সরব হয়েছে বিরোধীরা।
শুধু দুর্নীতিই নয়, প্রচারের ময়দানে বিরোধী দলগুলোর অন্যতম বড় ইস্যু ছিল ‘সন্ত্রাস’। নির্বাচন আদৌ অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে কি না—তা নিয়ে বারবার সংশয় প্রকাশ করেছে বাম ও কংগ্রেস।তবে প্রচারে বিরোধীদের সেই ‘সন্ত্রাস’ ইস্যুতেই তীব্র কাউন্টার অ্যাটাক করেছে বিজেপি। অতীতের কংগ্রেস ও বাম জমানার সন্ত্রাসের পরিবেশ ও নানা ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে বিরোধীদের কাঠগড়ায় তুলেছে শাসকদল।

আর এখানেই শেষ নয়—সরব প্রচার পর্ব শেষ হওয়ার ঠিক ৪৮ ঘণ্টা আগে নির্বাচনী ইশতেহার প্রকাশ করে বাড়তি রাজনৈতিক মাইলেজ তুলে নিয়েছে বিজেপি। যেখানে বিরোধীরা—অর্থাৎ কংগ্রেস ও বামেরা—এখনও পর্যন্ত কোনো ইশতেহার প্রকাশ করতে পারেনি, সেখানে শাসকদলের এই পদক্ষেপ ভোটের আগে বাড়তি অক্সিজেন জুগিয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সব জল্পনা-কল্পনা আর প্রচারের কোলাহল শেষে এবার জনতার রায়ের পালা। রাত পোহালেই সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। আর ইভিএমে কার ভাগ্যে শিকে ছিঁড়ল, তা স্পষ্ট হবে আগামী ২ ডিসেম্বর।

