স্পোর্টস ডেস্ক,২৭ নভেম্বর।।
অনন্য নজির গড়লো শ্রীমন দেবনাথ। টানা ৪ ইনিংসে শতরান করে। দেশের কয়জন ক্রিকেটার এই অনন্য নজির গড়েছে জানা নেই। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বিচারে সেরা প্রতিভাবান ক্রিকেটারের তালিকায় নিজের নাম তুলে নিলো শ্রীমন।আসামের বিরুদ্ধে দুই ইনিংসে শতরান করার পর হিমাচলের বিরুদ্ধে দুই ইনিংসে শতরান করে রীতিমতো সাড়া ফেলে দেয় উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলের নবম শ্রেণীর ছাত্র টি। কোচ দেবব্রত চৌধুরীর কঠোর পরিশ্রমের সুফল পেলো ত্রিপুরা।ত্রিপুরার কোচ অলক দেব রায় চাইছেন মরশুমে আরও রান করুক রাজ্যের সবথেকে প্রতিভাবান এই ক্রিকেটারটি। শতরানের ধারা যাতে শেষ দুই ম্যাচেও বজায় থাকে সেভাবেই উৎসাহিত করছে রাজ্যের এই উদীয়মান তারকাকে। প্রত্যাশিতভাবেই ত্রিপুরা এবং হিমাচল প্রদেশ ম্যাচ শেষ হলো অমীমাংসিত ভাবে। তবে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে হিমাচল প্রদেশ পেয়েছে ৩ পয়েন্ট। আর ত্রিপুরা পেয়েছে ১ পয়েন্ট। মরশুমে ৩ ম্যাচ খেলে ত্রিপুরার পয়েন্ট ২। তবে সব কিছুকে ছাপিয়ে গেছে শ্রীমনের টানা শতরান। অনূর্ধ্ব ১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে। বিজয়ওয়াড়ার ছুক্কাপল্লি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরার ২৫০ রানের জবাবে হিমাচল প্রদেশ ৩০২ রানে করে।৫২ রানে পিছিয়ে থেকে ম্যাচের শেষ বল পর্যন্ত ত্রিপুরা ৫ উইকেট হারিয়ে ১৮৫ রান করে। প্রথম ইনিংসে ১৫৫ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১১৩ রানের চোখ ঝলসানো ইনিংস উপহার দেয় শ্রীকান্ত এবং মৌমিতা দেবের একমাত্র ছেলে শ্রীমন। কঠোর পরিশ্রম এবং অদম্য জেদ থাকলে যে সাফল্য পাওয়া সম্ভব তা দাদাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় ম্যাচের নায়ক ডান হাতি ব্যাটসম্যান শ্রীমন। ম্যাচ নিশ্চিত অমীমাংসিত ভাবে শেষ হচ্ছে তা দ্বিতীয় দিনের শেষেই নিশ্চিত হয়ে গিয়েছিল। দেখার ছিল অলক দেব রায়ের ‘ তুরুপের তাস ‘ শুক্রবার কি করে? হতাশ করেনি শ্রীমন। জয় করে নিয়েছে কোচ সহ প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের মন। ২১৮বল খেলে ১৬ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে দর্শনীয় ১১৩ রান করে রাজ্যের বর্তমানে সেরা অলরাউন্ডারটি। এছাড়া রাজ্য দলের পক্ষে রাহুল মিয়া ১১৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০ এবং ময়ূখ চৌধুরী ৪৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করে।ত্রিপুরা ৮৬ ওভার ব্যাট করে ৫ উইচেথারিয়ে ১৮৫ রান করে।হিমাচল প্রদেশের পক্ষে আদীশ মিনহাস ৪৭ রানে ৪ টি উইকেট দখল করে।৩০ নভেম্বর থেকে দুই ডিসেম্বর পর্যন্ত ত্রিপুরা খেলবে মধ্যপ্রদেশের বিরুদ্ধে।




