ডেস্ক রিপোর্টার,আগরতলা।।
অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান গলেছে বরফ। খুলেছে বাম – কংগ্রেস জোটের জট। জোট ধর্মের নিয়ম অনুযায়ী, কংগ্রেস অতিরিক্ত ৪টি আসন থেকে প্রার্থী প্রত্যাহার করে নেবে।একই ভাবে সিপিআইএম প্রত্যাহার করবে ১৩টি আসনের প্রার্থী।বুধবার রাতে কংগ্রেস – সিপিআইএম উভয় পক্ষের নেতৃত্বের আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। রাতে প্রদেশ কংগ্রেসের প্রবক্তা প্রশান্ত ভট্টাচার্য্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন তিনি লিখেন “সমস্ত সমস্যার অবসান, জোটে কোনো জট নাই”—— ৪৭:১৩। প্রদেশ কংগ্রেসের প্রবক্তা প্রশান্ত ভট্টাচার্যের সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এই পোস্ট থেকে পরিষ্কার বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উভয় শিবির তাদের প্রার্থীদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেবে।
মঙ্গলবার সাব্রুম প্রচারে গিয়ে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানিয়েছিলেন খুব শীঘ্রই বাম কংগ্রেসের জোটের মধ্যে চলতে থাকা জট খুলে যাবে কারণ রাজ্যের মানুষের স্বার্থে কংগ্রেস সিপিএম উভয় রাজনৈতিক দলের নেতারা তাদের আসন সংক্রান্ত সৃষ্ট সমস্যার সমাধান করবেন বিজেপিকে আটকানোর জন্য কংগ্রেসের জোট অটুট থাকবে এবং এই শক্তিশালী জোট কাজ করবে ভোটের ময়দানে।
বুধবার রাতে রাজ্য সিপিএমের পক্ষ থেকে জোট সংক্রান্ত প্রেস বিবৃতি জারি করা হয়। বিবৃতিতে সিপিএম রাজ্য কমিটির পক্ষ থেকে জানানো হয়েছিল, আসন বণ্টন প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি হওয়াতে কংগ্রেস অতিরিক্ত ৪টি আসনে প্রার্থী দিয়েছিলো। সিপিআইএমও দিয়েছিলো ১৩টি আসনে। জোট অটুট রাখার জন্য সিপিআইএম অতিরিক্ত ১৩টি আসন থেকে প্রার্থী প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। সিপিআইএমের পক্ষ থেকে কংগ্রেসকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। গভীর রাতে কংগ্রেসও জোট ধর্ম রক্ষার তাগিদে অতিরিক্ত চারটি আসন থেকে প্রার্থী প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়ে দেওয়া হয়েছে। কংগ্রেস – সিপিআইএমের এই সিদ্ধান্তের পর চিত্র পরিষ্কার ২৩ – র ভোটে বাম – কংগ্রেস আনুষ্ঠানিক ভাবেই জোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়ায়ের ময়দানে অবতীর্ণ হবে বিজেপির বিরুদ্ধে।

