ডেস্ক রিপোর্টার, ১২ এপ্রিল।।
“কেন্দ্র – রাজ্য ও এডিসি তিন জায়গাতেই থাকবে বিজেপি সরকার। অর্থাৎ এবার এডিসিতে ক্ষমতা দখল করবে বিজেপি।”- বক্তা প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। রবিবার ভোট পর্বের শেষে শহরের কৃষ্ণনগর কুশাভাউ ভবনে সাংবাদিক বৈঠক করে একথা বলেছেন তিনি।
সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, ভোট শান্তিপূর্ণ ভাবে হয়েছে। কিছু কিছু জায়গাতে মথার কর্মীরা বিজেপির লোকজনকে মারধর করেছে। এই সমস্ত ঘটনা দলীয় ভাবে জানানো হয়েছে রিটার্নিং অফিসারদের। গোটা রাজ্যের পুলিশ ও ভোট কর্মীরা যথাযথ ভাবেই তাদের দায়িত্ব পালন করেছেন।

রাজীব ভট্টাচার্য তথ্য দিয়ে বলেন, বিকাল চারটা পর্যন্ত খবর অনুযায়ী ১৮টি ভোট পর্ব শেষ হয়েছে। আরও ১০টি আসনে চলছে ভোটিং। মানুষ বুথ কেন্দ্র গুলিতে লাইনে দাঁড়িয়ে আছে। এই চিত্র প্রমাণ করে এডিসি ভোট হয়েছে উৎসবের মেজাজে। নির্বাচন কমিশনের প্রাপ্ত তথ্য তুলে ধরে সাংসদ রাজীব ভট্টাচার্য জানিয়েছেন, এদিন বিকাল চারটা পর্যন্ত গোটা রাজ্যে ৮১ শতাংশ ভোট পড়েছে। তার সংখ্যা আরও বাড়বে।২০২১ সালে এডিসি নির্বাচনে ভোট হয়েছিল ৮২ শতাংশ।
রাজীবের ভাষায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বরাবর জনজাতিদের উন্নয়নের উপর জোর দিয়েছেন। কেন্দ্র ও রাজ্য সরকার জনজাতিদের জন্য বহু প্রকল্প চালু করেছে। মানুষ বুঝতে পেরেছে ভাজপা সরকার জনজাতিদের বন্ধু, শত্রু নয়। তাই এবারের পাহাড় নির্বাচনে জনজাতি অংশের মানুষ ভোট দিয়েছে বিজেপিকে। তাই দলের জয় সম্পর্কে নিশ্চিত প্রদেশ বিজেপির সভাপতি। এদিনের সাংবাদিক বৈঠকে রাজীব ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিংকু রায়, প্রদেশ বিজেপির মিডিয়া ইনচার্জ সুনিত সরকার সহ অন্যান্যরা।

