ডেস্ক রিপোর্টার,১৬ এপ্রিল।।
ফের আক্রান্ত বক্সনগর প্রেস ক্লাবের সভাপতি প্রভাত ঘোষ। নতুন বাংলা বছরের প্রথম রাতে কমল নগর এলাকায় প্রভাতকে দুষ্কৃতীরা হামলা করে। বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন।
প্রভাত ঘোষের বক্তব্য অনুযায়ী, স্থানীয় মাদক কারবারীরা তাকে আক্রমণ করেছে। নববর্ষের সন্ধ্যায় প্রভাত পেশাগত কাজ সেরে নিজ বাড়িতে ফিরছিলেন। এমন সময় রাস্তায় বাইক আটক করে তাকে প্রচণ্ড ভাবে রাস্তায় ফেলে মারধর করে। রড দিয়ে আঘাত করে মাথায়। রক্তাক্ত অবস্থায় সে মাটিতে লুটিয়ে পড়ে। উপস্থিত লোকজন তাকে নিয়ে আসে স্থানীয় হাসপাতালে। তার শারীরিক অবস্থা অবনতি হওয়াতে তাকে সেখান থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে।বৃহস্পতিবার সিপাহীজলার সমস্ত প্রেস ক্লাবের সদস্যরা জেলার এসপির কাছে ডেপুটেশন দেয়। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন এসপি।
সম্প্রতি তাকে আরও একবার হামলা করেছিলো মাদক কারবারীরা। তখনও তাকে মাথায় আঘাত করা হয়েছিলো। গ্রেফতার করা হয় এক অভিযুক্তকে। সে এখনো আছে জেলে। জেল থেকে ধৃত অভিযুক্তের মুক্তির আগেই পুনরায় প্রভাত ঘোষের উপোর প্রাণঘাতী হামলা। প্রশ্ন উঠছে বক্সনগর এলাকার নিরাপত্তা নিয়ে। কি করছে পুলিশ প্রশাসন? কোনো উত্তর দিতে পারবে কি রাজ্য পুলিশের সর্বময় কর্তারা?

