ডেস্ক রিপোর্টার, ১৬ এপ্রিল।।
রাত পোহালেই পাহাড় ভোটের গণনা। রাজ্যের বিভিন্ন জেলার গণনা কেন্দ্রে শুরু হবে ভোট গণনা। তার জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। গণনা কেন্দ্র গুলিতে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। কোথায়ও মাছি গলার জায়গা নেই। শান্তিপূর্ণ ভাবে গণনা সম্পন্ন করতে নিরাপত্তার সমস্ত ব্যবস্থা করেছে আরক্ষা প্রশাসন।
প্রতিটি জেলার জেলা শাসকরা বৃহস্পতিবার গণনা কেন্দ্র গুলি পরিদর্শন করেছেন। খতিয়ে দেখেছেন নিরাপত্তা সহ আনুষাঙ্গিক বিষয়। এদিন জিরানিয়া ও মোহনপুর গণনা কেন্দ্র পরিদর্শন করেছেন পশ্চিম জেলার জেলা শাসক বিশাল কুমার।
প্রতিটি গণনা কেন্দ্রে থাকা ইভিএমে বন্দি আছে প্রার্থীদের ভাগ্য। নির্বাচন কমিশন জানিয়েছে, কোন দল ক্ষমতা দখল করবে, শুক্রবার সকাল সাড়ে দশটার মধ্যেই তা স্পষ্ট হয়ে যাবে। ফলাফল ঘোষণার পরবর্তী সময়ে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্যও প্রস্তুত পুলিশ। খবর অনুযায়ী ভাজপা শিবিরের দাবি, একক ভাবেই তারা ক্ষমতায় আসবে। ন্যূনতম ১৭ টি আসন দখল করবে বিজেপি। অন্যদিকে পাহাড়ের শাসক দল তিপ্রামথার দাবি, তারা ২১টি আসনে জয়ী হয়ে পুনরায় বসবে পাহাড়ের ক্ষমতায়।

