স্পোর্টস ডেস্ক,১ লা অক্টোবর।।
রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে জয় পেলো কল্যাণ সমিতি। ২-০ গোলে ব্লাড মাউথকে পরাজিত করে। বৃহস্পতিবার ম্যাচটি অনুষ্ঠিত হয় শহরের উমাকান্ত মিনি স্টেডিয়ামে।ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য অবস্থায়। আক্রমণ – পাল্টা আক্রমণে ম্যাচটি খুবই উপভোগ্য হয়ে উঠে।
দ্বিতীয়ার্ধের শুরুতে কল্যাণ সমিতির ঝাঁঝালো আক্রমণ সামাল দিতে পারে নি ব্লাডমাউথের রক্ষণ ভাগ। দুই মিনিটের মধ্যেই আরিফ হোসেনের গোলে এগিয়ে (১-০) যায় কল্যাণ সমিতি। সমতা ফেরানোর জন্য ব্লাডমাউথ পাল্টা আক্রমণ করলেও লাভ হয় নি। কল্যাণ সমিতির বক্সে থাকা রক্ষণভাগের ফুটবলাররা ব্লাডের সমস্ত আক্রমণ ভোতা করে দেয়। ম্যাচের ৮২ মিনিটে ব্লাডমাউথের কফিনে শেষ পেরেক পুঁতে দেয় রাজীব সাধন জমাতিয়া। তার গোল থেকে কল্যাণ সমিতি ২-০ গোলে লিড নেয়। ম্যাচের বাকি সময় ব্লাড মাউথ চেষ্টা করলেও কল্যাণ সমিতির জালে বল জড়াতে পারে নি।

