স্পোর্টস ডেস্ক,২৭ সেপ্টেম্বর।।
আগরতলার ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব এগিয়ে চল সংঘের পক্ষ থেকে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন-এর অধীনস্থ ‘ চন্দ্র মেমোরিয়াল লিগ সাব-কমিটি’-র কাছে একটি দাবি সনদ পেশ করা হয়েছে। আসন্ন ‘সুপার ফোর’ পর্যায়ের ম্যাচগুলোর সূচি, মাঠের দিক বণ্টন এবং গ্যালারি সংরক্ষণ সংক্রান্ত একাধিক অসঙ্গতি তুলে ধরে এই চিঠিটি জমা দেন ক্লাবের সাধারণ সম্পাদক সুমন্ত গুপ্ত। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে প্রেরিত এই পত্রে খেলার নিরপেক্ষতা ও সুস্থ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
মাঠ বণ্টন ও গ্যালারি সংরক্ষণ নিয়ে আপত্তি: চিঠিতে মূলতঃ তিনটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়েছে। প্রথমত, পূর্বে সিদ্ধান্ত হওয়া সত্ত্বেও সুপার ফোরের সবকটি ম্যাচেই এগিয়ে চলা সংঘকে মাঠের ‘সাইড এ’ বরাদ্দ করা হয়েছে। দলটির দাবি, পূর্ব চুক্তি অনুযায়ী পর্যায়ক্রমে ‘সাইড এ’ ও ‘সাইড বি’ বণ্টন করা হোক। দ্বিতীয়ত, ‘সাইড বি’-র পিছনের গ্যালারি ঐতিহ্যগতভাবেই টিএফএ-র আজীবন সদস্য বা লাইফ মেম্বারদের জন্য সংরক্ষিত থাকে। সেই নিয়ম কঠোরভাবে বজায় রাখার অনুরোধ জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
চূড়ান্ত দিনের সূচি পুনর্বিন্যাসের দাবি: তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো টুর্নামেন্টের শেষ দিনের ম্যাচ সূচি। নিয়ম অনুযায়ী, ফাইনাল বা নির্ণায়ক দিনে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলগুলোর ম্যাচ একই সময়ে বা পরে হওয়া উচিত, যাতে আগে খেলার কারণে কোনো দল বাড়তি সুবিধা না পায়। অথচ বর্তমান সূচিতে ‘টিম সি’ ও ‘টিম ডি’ শীর্ষ তালিকায় না থাকা সত্ত্বেও তাদের শেষ ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়েছে, যা প্রতিযোগিতার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করতে পারে। তাই খেলার স্বচ্ছতা বজায় রাখতে ‘টিম এ’ ও ‘টিম বি’-র ম্যাচটি সুপার লিগের শেষ ম্যাচ হিসেবে পুনঃনির্ধারণের জোর দাবি জানিয়েছে ক্লাবটি।

