ডেস্ক রিপোর্টার, ১ অক্টোবর।
সংগীত জগতের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব তথা রাজপরিবারের সন্তান, বিশ্বখ্যাত সুরকার ও সংগীত শিল্পী কুমার শচীন দেব বর্মনের জন্মবার্ষিকী রাজ্যে যথাযথ মর্যাদায় পালিত হলো। সুর ও সংগীতের জাদুতে যিনি বিশ্ব দরবারে রাজ্যের নাম উজ্জ্বল করেছিলেন, সেই ‘শচীন কর্তা’র জন্মদিবসে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণের দৃশ্য দেখা গেল রাজধানী আগরতলায়।
বৃহস্পতিবার সকালে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এক বিশেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তিনি রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে অবস্থিত শচীন দেব বর্মনের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের সচিব কিরণ গিত্তে, দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, শচীন কর্তার সুরের মূর্ছনা আজও সংগীতপ্রেমীদের হৃদয়ে অমর হয়ে রয়েছে।সেইসাথে তাঁর সৃষ্টি ও অনন্য সংগীত সাধনাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আরও সজীব ও জীবন্ত করে রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয় এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে।
রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম কাণ্ডারী শচীন দেব বর্মনের প্রতি এই শ্রদ্ধার্ঘ্য নিবেদন কেবল কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং তাঁর অমর সুরের উত্তরাধিকারকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণের এক অনন্য প্রয়াস।

