ডেস্ক রিপোর্টার, ১৮ জুন।।
            দেশের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাকে টেট বা শিক্ষক যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। তবে এই নির্দেশিকা ঘিরে এবার দেশজুড়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। ২০১০ সালের আগে নিযুক্ত শিক্ষকদের এই নিয়মের আওতা থেকে ছাড় দেওয়ার দাবিতে এবার সরব হলো অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক সংঘ।রাজধানী আগরতলাতেও এই কর্মসূচির প্রতিফলন দেখা গেছে। বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক বিশাল কুমারের হাতে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে লেখা এই আবেদনপত্রটি তুলে দেন শিক্ষক-শিক্ষিকা তথা সংগঠনের নেতৃত্বরা।তাদের মূল দাবি, ২০১০ সালের আগে যারা চাকরিতে যোগ দিয়েছেন, তাদের টেট পরীক্ষা থেকে ছাড় দিতে সংসদে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হোক।
       তবে সুপ্রিম কোর্টের নির্দেশে একটি বিষয় অবশ্য স্পষ্ট করা হয়েছে— যে সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের চাকরির মেয়াদ বা সময়সীমা আর মাত্র ৫ বছর বাকি রয়েছে, তারা এই নতুন নির্দেশিকার আওতাভুক্ত হবেন না। অর্থাৎ, অবসরের দোরগোড়ায় থাকা শিক্ষকদের টেট পরীক্ষা দিতে হবে না।তবে সংগঠনের দাবি, ২০১০ সালের আগের সমস্ত প্রবীণ শিক্ষকদের ক্ষেত্রেই এই নিয়ম শিথিল করা উচিত, কারণ দীর্ঘ বছর ধরে তারা সুনামের সঙ্গে শিক্ষাদান করে আসছেন। এখন সংসদে সরকার এই বিষয়ে কোনো বিশেষ আইনি পদক্ষেপ নেয় কিনা, সেটাই দেখার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *