ডেস্ক রিপোর্টার, ১০ সেপ্টেম্বর।।
গ্রাম্য সালিশি সভায় বচসার জেরে সহ-বিচারককে প্রকাশ্যে পেটে ছুরি চালিয়ে দেওয়ার অভিযোগে আদালত অভিযুক্তকে ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার ঊনকোটি জেলার জেলা ও দায়রা বিচারক প্রকাশ কুমার এই রায় ঘোষণা করেন। সাজা প্রাপ্ত আসামি হাছুকরাই দেববর্মা। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। একই সঙ্গে আরও তিন অভিযুক্ত রিপণ, ভয়েল ও খোকন দেববর্মাকে ১ বছরের শর্তাধীন সাজার নির্দেশ দিয়েছে আদালত।
এই মামলার সরকারি আইনজীবী সুনির্মল দেব জানান, ঘটনা ২০২২-র ৫ অক্টোবর । ঘটনাস্থল ফটিকরায় থানার শান্তির বাজারে।
আইনজীবীর কথায়, অর্কেস্ট্রা দেখে বাড়ি ফেরার পথে প্রবীর ও ছানিয়া নামের দুই যুবককে মারধর কয়েকজন দুষ্কৃতী। তারা হলো রিপন, খোকন ও ভয়েল দেববর্মা। এই বিবাদ মিটমাট করার জন্য শান্তির বাজারে বাজার শেডে সালিশি সভা অনুষ্ঠিত হয়। বৈঠকের শেষ লগ্নে সালিশি সভার দুই বিচারক হাছুকরাই দেববর্মা ও সুবেশ দেববর্মার মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়। এক সময় পরিস্থিতি উত্তপ্ত হলে বিচারক হাছুকরাই তার সহ বিচারক সুবেশ দেববর্মার পেটে ছুরি দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় সুবেশ মাটিতে লুটিয়ে পড়ে। তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। শারীরিক অবস্থা অবনতি হওয়াতে তাকে রেফার করা হয় আগরতলার জিবি হাসপাতালে। ঘটনার পর দিন আক্রান্তের ভাই রবি চাঁদ দেববর্মা ফটিকরায় থানায় অভিযোগ দায়ের করেন । তার অভিযোগ মূলে পুলিশ চারজনকেই গ্রেফতার করে। মামলার তদন্তকারী অফিসার বিপ্লব দেববর্মা তদন্ত শেষ করে আদালতে চার্জশিট পেশ করেন। আদালত এই মামলার শুনানিতে ১২ জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করে। দীর্ঘ চার বছর এই মামলার শুনানির পর সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে।

