ডেস্ক রিপোর্টার,৪ অক্টোবর।।
ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে দেশে।এবার দেশের সংবিধান রক্ষা এবং সাধারণ মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক কাঠামোর সুরক্ষার দাবিতে সোচ্চার হলো ভারতের ছাত্র ফেডারেশন বা এস এফ আই। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবিতে রবিবার রাজধানীতে এক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনের ছাত্র-তরুণেরা।
এদিন রাজধানীর ছাত্র যুব ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে অংশ নেওয়া ছাত্র-যুবদের হাতে ছিল প্ল্যাকার্ড, আর কণ্ঠে ছিল সংবিধান বাঁচানো ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখার পক্ষে তীব্র স্লোগান। মিছিল শেষে সংগঠনের নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করেন।
সংগঠনের রাজ্য সম্পাদক সৃজন দেব সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি স্পষ্ট জানান, দেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার আজ বিপন্ন। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে একটি নির্দিষ্ট স্বার্থে পরিচালনা করার চেষ্টা চলছে, যা দেশের গণতন্ত্রের ভিত্তিকেই দুর্বল করে দিচ্ছে।
বাম ছাত্রনেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি মুখ্য নির্বাচন কমিশনার দ্রুত পদত্যাগ না করেন এবং মানুষের ভোটাধিকার সুনিশ্চিত করতে কমিশন যথাযথ পদক্ষেপ না নেয়, তবে আগামী দিনে আরও বড় ও বৃহত্তর গণআন্দোলনের পথ বেছে নেওয়া হবে।
রাজপথের এই আন্দোলন থেকে এসএফআই বার্তা দিল—গণতন্ত্র ও সংবিধান রক্ষায় তাদের এই লড়াই আগামী দিনগুলিতে আরও তীব্র রূপ নিতে চলেছে।

