ডেস্ক রিপোর্টার,৩ জানুয়ারি।।
ত্রিপুরাকে কোনো ভাবেই নেশামুক্ত করা যাচ্ছে না। পার্বত্য ত্রিপুরা এখন সম্পূর্ণ ভাবে মাদকের করাল গ্রাসে। তা অকপটে স্বীকার করেছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। শনিবার আগরতলার বনমালীপুরে সুপার এনার্জি কনজারভেশন বিল্ডিং কমপ্লেক্স উদ্বোধন করে রাজ্যের মাদক বাণিজ্য নিয়ে ভয়ঙ্কর বক্তব্য রেখেছেন তিনি। বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ বলেন, রাজ্য রাজনীতিতে সিপিআইএম ভয়ঙ্কর। কিন্তু ড্রাগস সিপিআইএম থেকেও ভয়ঙ্কর। ড্রাগস থেকে প্রত্যেককে সতর্ক থাকতে হবে।অন্যথায় বিপদ আরো বাড়বে।
রাজ্যের কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্য পূর্ণ। তিনি কোনো রকম রাগ ঢাক না করেই রাজ্যের সর্বনাশা মাদকের কুৎসিত চিত্র তুলে ধরেছেন। মন্ত্রীর কথা থেকে প্রমাণিত প্রশাসন চেষ্টা করেও মাদক সিন্ডিকেট ভাঙতে পারছে না। এটা নিঃসন্দেহে রাজ্যের জন্য আগামীদিনে আরো ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে বাধ্য। যদি না, মানুষ সতর্ক না হয়।

