ডেস্ক রিপোর্টার,২৮ জানুয়ারি।।
রাজ্যের মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়ার এসকর্টের ধাক্কায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। তার নাম অমর চাঁদ চৌধুরী।বাড়ি বিশালগড় পূর্ব লক্ষ্মীবিল। তিনি ছিলেন একজন অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক। ঘটনাস্থল বিশালগড় বাইপাস লাগোয়া লকডাউন বাজারে। বুধবার দুপুরে এই ঘটনা।
এদিন মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া তাঁর এসকর্ট নিয়ে আগরতলার দিকে আসছিলেন। এমন সময় বিশালগড় বাইপাস লাগোয়া লকডাউন বাজার সংলগ্ন একটি রাস্তায় দ্রুত গতিতে আসা একটি বাইক সজোরে ধাক্কা দেয়। এবং বাইক আরোহী নিজেই রাস্তায় ছিটকে পড়েন। তার মাথায় ছিলো না কোনো হেলমেট। ঘটনার সঙ্গে সঙ্গেই মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া সহ তাঁর এসকর্টে থাকা পুলিশ কর্মীরা গাড়ি থেকে নেমে যান। রক্তাক্ত অবস্থায় বাইক আরোহী অমর চাঁদ চৌধুরীকে মন্ত্রীর এসকর্টে করে নিয়ে আসে বিশালগড় হাসপাতালে।সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় জিবি হাসপাতালে। জানিয়েছেন মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া।পরবর্তী সময়ে আহত অমর চাঁদ চৌধুরীর জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে জানা যায়।

