ডেস্ক রিপোর্টার, ৩১ জানুয়ারি।।
আসন্ন এডিসি নির্বাচনে একাই লড়বে বিজেপি।দলের পাখির চোখ পাহাড়ের ২০টি আসন। স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শুক্রবার আগরতলা রবীন্দ্র ভবনে একটি অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।
মুখ্যমন্ত্রী কোনো রাগঢাক না করেই বলেন, রাজ্যের তিপ্রামথার সঙ্গে বিজেপির মিত্রতা আছে। উভয়েই রক্ষা করছে জোট ধর্ম। তার মানে এই নয়, পাহাড়েও মথা বিজেপির মিত্র শক্তি। আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি ২৮ টি আসনের জন্য লড়াই করবে। এবং ছিনিয়ে আনবে। দখল করবে এডিসির ক্ষমতা।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, এডিসি নির্বাচন আসন্ন। এই নিয়ে দলের সর্ব ভারতীয় নেতৃত্বের সঙ্গেও বৈঠক হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের সাধারণ সম্পাদকরা। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেই বুঝিয়ে দিলেন, পাহাড় নির্বাচনে তিপ্রামথাকে এক ইঞ্চি জমিও দেবে না বিজেপি।

