উদয়পুর ডেস্ক,১১ ফেব্রুয়ারি।।
মঙ্গলবার দুপুর ১টা নাগাদ “উদয়পুর প্রেসক্লাবের সম্পাদক জসিম উদ্দিন সহ উদয়পুরে কর্মরত ৪/৫ জন সাংবাদিক সহকর্মী খবর সংগ্রহের উদ্দেশ্যে উদয়পুর জেলা আদালতে উপস্থিত হন। তাঁরা আদালত প্রাঙ্গনে প্রবেশ করে উদয়পুর জে.এম. ফার্স্ট ক্লাস কোর্ট নম্বর –২’র সামনে রাস্তার পাশে তাঁদের সঙ্গে থাকা তিনটি মোটরবাইক রাখেন।
এই সময় আগরতলা থেকে প্রকাশিত প্রতিবাদী কলম সংবাদপত্রের সম্পাদক অনল রায় চৌধুরী, তাঁর সঙ্গে থাকা একটি কালো রঙের থার গাড়ির সদৃশ গাড়ি নিয়ে হঠাৎ করেই সাংবাদিক জসিম উদ্দিনের মোটরবাইক (নম্বর: TR 03 F 9147)–এ সজোরে ধাক্কা দেন।যার ফলে বাইকটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে অনল রায় চৌধুরী সাংবাদিক জসিম উদ্দিনের সঙ্গে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে জসিম উদ্দিন ও তাঁর সহকর্মীরা মোবাইল ফোনে ঘটনাটি ভিডিও ধারণ করতে গেলে অভিযুক্ত অনল রায় চৌধুরী জোরপূর্বক জসিম উদ্দিনের হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নেন।
পরবর্তীতে কথাকাটাকাটির একপর্যায়ে অনল রায় চৌধুরী এবং তাঁর সঙ্গে থাকা অপর এক ব্যক্তি অন্যায়ভাবে সাংবাদিক জসিম উদ্দিনকে কিল, ঘুষি মারতে শুরু করেন এবং ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এর ফলে জসিম উদ্দিনের বুকে, মাথায় ও বাম হাতে গুরুতর আঘাত লাগে। আদালত প্রাঙ্গনে উপস্থিত সহকর্মী সাংবাদিক এবং পুলিশকর্মীরা দ্রুত হস্তক্ষেপ করে তাঁকে অভিযুক্তদের হাত থেকে প্রাণে রক্ষা করেন।
অভিযোগ আরও যে, অভিযুক্তদের সাঙ্গপাঙ্গরা সাংবাদিক জসিম উদ্দিনকে প্রাণে মারার হুমকিও দেয়। ঘটনার পরপরই অভিযুক্তরা দ্রুত গতিতে তাদের গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আহত সাংবাদিক জসিম উদ্দিনকে পরবর্তীতে নিরুপায় হয়ে মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাস্থলেই অভিযুক্ত অনল রায় চৌধুরী সাংবাদিক জসিম উদ্দিনের কাছে ৪০ লক্ষ টাকা দাবি করেন এবং টাকা না দিলে তাঁর ছবি ব্যবহার করে “প্রতিবাদী কলম” পত্রিকায় মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের হুমকি দেন।
এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে উদয়পুরের সাংবাদিক মহল গভীর ক্ষোভ প্রকাশ করছে এবং রাধাকিশোরপুর থানায় অনল রায় চৌধুরী ও তাঁর সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সাংবাদিকের উপর সাংবাদিক দ্বারা এই ধরনের বর্বরোচিত হামলা সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয়। উদয়পুর প্রেসক্লাব এবং উদয়পুরের সর্বস্তরের সাংবাদিকরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছে। এক প্রেস বিবৃতিতে উদয়পুর প্রেসক্লাবের পক্ষে এই খবর নিশ্চিত করেছেন সভাপতি দেবব্রত রুদ্র।

