নির্বাচন কমিশন সূত্রের দাবি, চলতি মাসের শেষ লগ্নে ঘোষণা হতে পারে আসন্ন এডিসি নির্বাচনের দিনক্ষণ। তার জন্য চূড়ান্ত প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনে। ইতিমধ্যে চূড়ান্ত ভোটার তালিকার কাজ প্রায় শেষ। আগামী ১৩ মার্চ ঘোষণা হতে পারে চূড়ান্ত ভোটার তালিকা।
ডেস্ক রিপোর্টার, ৬ মার্চ।
দরজায় কড়া নাড়ছে এডিসি নির্বাচন। আগামী ১৩ মার্চ প্রকাশিত হবে এডিসির চূড়ান্ত ভোটার তালিকা। খবর নির্বাচন কমিশন সূত্রে। আসন্ন এডিসি নির্বাচন কেন্দ্র করে ইতিমধ্যে মাঠে বিচরণ করছে প্রধান দুই রাজনৈতিক শক্তি বিজেপি – তিপ্রামথা। পাহাড়ে ভেসে থাকার চেষ্টা করছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম।
নির্বাচন কমিশন সূত্রের দাবি, চলতি মাসের শেষ লগ্নে ঘোষণা হতে পারে আসন্ন এডিসি নির্বাচনের দিনক্ষণ। তার জন্য চূড়ান্ত প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনে। ইতিমধ্যে চূড়ান্ত ভোটার তালিকার কাজ প্রায় শেষ। আগামী ১৩ মার্চ ঘোষণা হতে পারে চূড়ান্ত ভোটার তালিকা।
এডিসি নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে রাজনীতির মাঠে নেমেছে ভারতীয় জনতা পার্টি। এবং পাহাড়ের শাসক দল প্রদ্যুৎ কিশোরের তিপ্রামথা। পিছিয়ে নেই বামেরা। নিজের সুপ্ত শক্তিকে পুঁজি করে পাহাড়ে সাংগঠনিক কাজ কর্ম শুরু করে দিয়েছেন মেলারমাঠের দূতরা।
তবে রাজনীতির ময়দানে অনেকটা এগিয়ে রাজ্যের শাসক জোটের বড় শরিক বিজেপি। রাজ্যের মুখ্যমন্ত্রী এডিসির বিভিন্ন প্রান্তে করছেন জনসভা। বিজেপি নেতৃত্বের দাবি, মথা – সিপিআইএম ছেড়ে মানুষ যোগ দিচ্ছে ভাজপাতে। সম্প্রতি এডিসির সদর দপ্তর খুমুলুঙ- এ জনসভা করেছেন মুখ্যমন্ত্রী। আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী এডিসির সদর দপ্তর থেকে তিপ্রামথাকে হুমকি দিয়ে বলেছেন, ” আসন্ন এডিসি নির্বাচন ও ভিসি নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত”।
এডিসি নির্বাচন ও ভিসি নির্বাচনে জল গড়িয়ে ছিলো দেশের সর্বোচ্চ আদালতে। আদালত স্পষ্ট ভাবেই জানিয়ে দিয়েছে, এপ্রিল – মে মাসের মধ্যে এডিসি ও ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন করতে হবে।