ডেস্ক রিপোর্টার, ১২ মার্চ।।
আসন্ন এডিসি নির্বাচনের প্রাক লগ্নে কি ঘোষণা হবে প্রদেশ বিজেপির নতুন সভাপতি নাম? এই প্রশ্নের উত্তরের সম্ভাবনা কিন্তু ক্রমেই উজ্জ্বল হচ্ছে। প্রদেশ বিজেপির অন্দরের পরিবেশ দাবি করছে, আগামী কয়েকদিনের মধ্যে নতুন সভাপতি পেতে পারে ভাজপা শিবির। আজ সন্ধ্যায় দিল্লি থেকে নতুন প্রদেশ সভাপতি ও রাজ্য বিধানসভার নতুন অধ্যক্ষের নাম চূড়ান্ত করে রাজ্যে ফিরবেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। একই সঙ্গে এডিসি নির্বাচনে রাজ্যের জোট শরিক তিপ্রামথার সঙ্গে জোট ধর্ম সুরক্ষিত থাকবে নাকি পৃথক ভাবে লড়াই করবে বিজেপি? এই সিদ্ধান্তও হাতের মুঠোতে নিয়েই দিল্লি থেকে রাজ্যে ফিরবেন মুখ্যমন্ত্রী।
কে হচ্ছেন বিজেপির নতুন সভাপতি? আপাতত তার কোনো আভাস পাওয়া যায় নি কুশাভাউ ভবন থেকে। তবে এই দৌঁড়ে রয়েছেন প্রদেশ বিজেপির হাফ ডজন নেতা – নেত্রী। তাদের মধ্যে কে হবেন ভাগ্যবান? তা নির্ধারণ করবেন দলের সর্বভারতীয় নেতৃত্ব। মুখ্যমন্ত্রী শুধু দিল্লি থেকে হাতে করে নিয়ে আসছেন নতুন সভাপতির নাম লেখা চিরকুটটি। এমনটাই দাবি কুশাভাউ ভবনের আবাসিকদের।

