এবারের বাজেটে সাপ্লিমেন্টারি গ্র্যান্ট হিসাবে ৪৬৭৬.৮১ কোটি টাকা অনুমোদনের জন্য রাখা হয়েছে। রাজ্যের অর্থনীতিকে আরও গতিশীল করতে বাজেটে মূলধনী ব্যয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে মূলধনী ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৯৪৫ কোটি ৯২ লক্ষ টাকা। যা গত বছরের তুলনায় ১৩.১৯ শতাংশ বেশি।

আগরতলা, ১৬ মার্চ।।
   ২০২৬-২৭ অর্থবছরের রাজ্য বাজেটে ৩৪ হাজার ২১২ কোটি ৩১ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। যা গত অর্থবছরের তুলনায় ৫.৫২ শতাংশ বেশি। আজ ত্রিপুরা বিধানসভায় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় ২০২৬-২৭ অর্থবছরের যে বাজেট পেশ করেন তার উপর সাংবাদিকদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।
   সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী আরও বলেন, এবারের বাজেটে সাপ্লিমেন্টারি গ্র্যান্ট হিসাবে ৪৬৭৬.৮১ কোটি টাকা অনুমোদনের জন্য রাখা হয়েছে। রাজ্যের অর্থনীতিকে আরও গতিশীল করতে বাজেটে মূলধনী ব্যয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে মূলধনী ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৯৪৫ কোটি ৯২ লক্ষ টাকা। যা গত বছরের তুলনায় ১৩.১৯ শতাংশ বেশি। মুখ্যমন্ত্রী বলেন, এবারের বাজেটে নতুন কোন কর আরোপের প্রস্তাব করা হয়নি। তিনি বলেন, রাজ্যের স্বাস্থ্য খাতের জন্য গত বছরের তুলনায় ২৫.২৯ শতাংশ বেশি হিসাবে মোট ২ হাজার ৪৪১ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। তাছাড়া গ্রামোন্নয়নে ৪ হাজার ৯৪ কোটি ৫৭ লক্ষ টাকা, কৃষি ও সংশ্লিষ্টখাতে ১ হাজার ৯৮৫ কোটি ৬১ লক্ষ টাকা, শিক্ষাখাতে ৬ হাজার ৪৩৯ কোটি ৫৬ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে আরও জানান, ২০২৬-২৭ অর্থবছরে টিটিএএডিসি’র জন্য টিএসপি এর অর্থ বরাদ্দ সহ মোট ৭ হাজার ৫৪২ কোটি ৬ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে যা গত অর্থবছরের তুলনায় ৫.৫০ শতাংশ বেশি। টিএসপি তহবিলের বেশিরভাগ অংশ টিটিএএডিসি-এর জন্য বরাদ্দকৃত হয়ে থাকে। এবারের বাজেটে ধলাই জেলা হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ব্লক, তেলিয়ামুড়া, খোয়াই ও বিশ্রামগঞ্জে ট্রমা কেয়ার সেন্টার, জেলা ও মহকুমা হাসপাতালে ম্যাটারনাল এন্ড চাইন্ড হেলথ উইং এবং এজিএমসি ও জিবিপি হাসপাতালে জেরিয়াট্রিক ও ডায়াবেটিক কেয়ার ইউনিট স্থাপন করার প্রস্তাব রাখা হয়েছে। গোমতী জেলার কালাঝাড়িতে একটি নতুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করার এবং ২০টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও ৯টি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা উন্নয়ন বিষয়ে প্রস্তাব রাখা হয়েছে। তাছাড়া রানীরবাজার ও পেঁচারথলের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে উন্নীত করা হবে।
       মুখ্যমন্ত্রী আরও বলেন, গোমতী জেলায় আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ এবং আগরতলার নেতাজী সুভাষ স্টেট হোমিওপ্যাথি হাসপাতালে হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ স্থাপন করা হবে। উভয় মেডিক্যাল কলেজে ৬০টি করে আসন থাকবে। আগামী শিক্ষাবর্ষ থেকে মেডিক্যাল কলেজগুলিতে পড়াশুনা শুরু করা হবে। তাছাড়া এবারের বাজেটে ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস স্থাপন করারও প্রস্তাব রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, নার্সিং, আইটিআই, ডিপ্লোমা ও স্নাতক শিক্ষার্থীদের বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক কর্মসংস্থান প্রকল্প নামে নতুন এক প্রকল্পের প্রস্তাব রাখা হয়েছে এবারের বাজেটে। তাছাড়া রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় একটি বিদেশী ভাষা স্কুল স্থাপনেরও প্রস্তাব রাখা হয়েছে এবারের বাজেটে। সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টার স্থাপন করারও প্রস্তাব রয়েছে এবারের বাজেটে। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা এই জনকল্যাণমুখী বাজেট পেশ করার জন্য অর্থমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *