ধর্মনগর ডেস্ক, ২রা এপ্রিল।।
আসন্ন ধর্মনগর বিধানসভা উপ-নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা ক্রমশ তীব্র হয়ে উঠছে। বিভিন্ন রাজনৈতিক দল যখন নিজেদের সংগঠনকে আরও শক্তিশালী করতে মাঠে নেমেছে, ঠিক সেই সময় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও জোরকদমে প্রচার চালানো হচ্ছে।এই প্রেক্ষাপটে বিজেপি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তীর সমর্থনে বৃহস্পতিবার ধর্মনগর মন্ডলের অন্তর্গত মান্ডপপাড়া এলাকার ৪৯ নং বুথে গনদেবতাদের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন রাজ্যের প্রানিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা।
জনসংযোগ কর্মসূচির সময় মন্ত্রী সুধাংশু দাস এলাকার বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। তিনি জানান, বিজেপি সরকার সর্বস্তরের মানুষের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্যেই ধারাবাহিকভাবে কাজ করে চলেছে।এদিন স্থানীয় জনগণের কাছ থেকে বেশ ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে দাবি করেন বিজেপি নেতৃত্ব। তারা আশাবাদী, আসন্ন উপ-নির্বাচনে জহর চক্রবর্তী বিপুল ভোটে জয়লাভ করবেন।
উল্লেখ্য, নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই ধর্মনগর জুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে এবং বিভিন্ন দলের প্রচার কর্মসূচি আরও তীব্র আকার ধারণ করছে।

