ডেস্ক রিপোর্টার,৪ এপ্রিল।।
    আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে ৫ নম্বর ছামনু উপজাতি আসনের তিপ্রা মথা পার্টির প্রার্থী হংস কুমার ত্রিপুরা এবার সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে সরব হলেন। তিনি অভিযোগ করেন, বিজেপি সম্প্রদায়গত ইস্যুকে সামনে রেখে বিভাজনের রাজনীতি করছে, যার ফলে এলাকায় মানুষে মানুষে দূরত্ব তৈরি হয়েছে।সম্প্রতি এক বৈঠক শেষে তিনি বলেন, ভোটে জয়ের পর ওই এলাকায় যে সাম্প্রদায়িক বিভাজনের পরিবেশ তৈরি হয়েছে, তা দূর করতে তিনি বিশেষ উদ্যোগ নেবেন। তার মতে, রাজনীতি কখনোই মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার মাধ্যম হওয়া উচিত নয়, বরং সকল সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখাই হওয়া উচিত প্রধান লক্ষ্য।
   রাজ্যে ট্রিপল ইঞ্জিনের সরকার। এডিসিও আছে শাসক জোটের হাতে।তারপরও কেমন আছে এডিসি? নিজের মুখেই ভাণ্ড ফাটালেন এডিসির সিইএম হংস কুমার ত্রিপুরা। তিনি ৫ নম্বর আসনের তিপ্রামথার প্রার্থী। হংস বললেন, এডিসি এলাকায় শিক্ষা স্বাস্থ্য সহ মানুষের মৌলিক অধিকার গুলির বেহাল অবস্থা। তবে এডিসির এই করুন অবস্থার জন্য দায়ী কে? হংস কুমার ত্রিপুরার উত্তর, “বিজেপি”।
হংস কুমার ত্রিপুরা আরও জানান, তিনি নির্বাচিত হলে এলাকায় শান্তি, সম্প্রীতি ও সমানাধিকারের পরিবেশ গড়ে তুলতে কাজ করবেন। তার এই বার্তা নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *