নন্দন নগরের সেনপাড়া এলাকায় কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে স্নান করতে নামে হিরন। স্নান করার সময় আচমকাই সে পুকুরের গভীর জলে তলিয়ে যায়। সঙ্গীরা প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও, হিরন দীর্ঘক্ষণ ভেসে না ওঠায় তারা চিৎকার শুরু করে।

ডেস্ক রিপোর্টার, ১০ মে।।
   রবিবার ছুটির দিনের দুপুরে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল নন্দননগর এলাকা। বন্ধুদের সাথে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো ১৬ বছর বয়সী এক স্কুল পড়ুয়ার। মৃত ছাত্রের নাম হিরন দেবনাথ। সে দশম শ্রেণির ছাত্র ছিল।
      এদিন দুপুরে নন্দননগরের সেনপাড়া এলাকায় কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে স্নান করতে নামে হিরন। স্নান করার সময় আচমকাই সে পুকুরের গভীর জলে তলিয়ে যায়। সঙ্গীরা প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও, হিরন দীর্ঘক্ষণ ভেসে না ওঠায় তারা চিৎকার শুরু করে।
বন্ধুদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুকুরে তল্লাশি শুরু করে। বেশ কিছু সময় খোঁজাখুঁজির পর তাকে অচৈতন্য অবস্থায় জলের নিচ থেকে উদ্ধার করা হয়।এবং তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর হিরনকে মৃত বলে ঘোষণা করেন।ষোলো বছর বয়সী এক কিশোরের এমন অকাল মৃত্যুতে পরিবারে কান্নার রোল পড়ে যায়।
       ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা নন্দননগর ও সেনপাড়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।এলাকাবাসীদের মতে, প্রচণ্ড গরমের কারণে বর্তমানে ছোট ছোট ছেলেমেয়েরা প্রায়ই পুকুরে স্নান করতে নামে। কিন্তু অনেক ক্ষেত্রে পুকুরের গভীরতা বা বিপদের আঁচ তারা করতে পারে না। এই ঘটনার পর সচেতনতা বৃদ্ধি এবং জলাশয়গুলোর নিরাপত্তার বিষয়ে অভিভাবক সহ স্থানীয় প্রশাসনকে আরও সতর্ক হওয়ার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *