ডেস্ক রিপোর্টার,২০ মে।।
          অনলাইন মেডিসিন বিক্রয় এবং বাজারে ভেজাল ওষুধের অবাধ প্রবেশের বিরুদ্ধে সারা দেশের সঙ্গে সুর মিলিয়ে ত্রিপুরাতেও প্রতিবাদে সরব হয়েছে ওষুধ ব্যবসায়ীরা। বুধবার ‘অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন -এর ডাকা ১২ ঘণ্টার এই ধর্মঘট ও ডেপুটেশন প্রদান রাজ্য জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে।
     ওষুধ ব্যবসায়ীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকে এই ৩টি মূল দাবি উঠে এসেছে।তার মধ্যে রয়েছে অনলাইন মেডিসিন বিক্রয় বন্ধ করা। ই-ফার্মেসি বা অনলাইন অ্যাপের মাধ্যমে প্রেসক্রিপশন ছাড়া বা ভুয়ো প্রেসক্রিপশনে ওষুধ বিক্রি বন্ধ করতে হবে। কারণ এর ফলে যুবসমাজে নেশাজাতীয় ওষুধের অপব্যবহার আশঙ্কাজনকভাবে বাড়ছে।তাছাড়া বাজারে যাতে কোনোভাবেই নকল, নিম্নমানের বা ভেজাল ওষুধ প্রবেশ করতে না পারে, তার জন্য কঠোর আইনি ব্যবস্থা ও নজরদারি সুনিশ্চিত করা।দেশের লক্ষ লক্ষ ঐতিহ্যবাহী অফলাইন ফার্মেসি ও ওষুধের খুচরো বিক্রেতাদের ব্যবসার নিরাপত্তা দেওয়া, যারা কর্পোরেট অনলাইন ডিসকাউন্টের অসম প্রতিযোগিতার মুখে পড়ছে।
    এদিন অ্যাসোসিয়েশনের ডাকে রাজ্যের সমস্ত মহকুমা ও জেলা স্তরে ওষুধের দোকানপাট বন্ধ রেখে ১২ ঘণ্টার এই প্রতীকী ধর্মঘট পালন করা হয়।পরে আন্দোলনের অংশ হিসেবে সংগঠনের একটি প্রতিনিধি দল পশ্চিম ত্রিপুরার জেলা শাসকের দপ্তরে যান। সেখানে জেলা শাসকের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়, যাতে কেন্দ্র সরকার এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করে। উল্লেখ্য, এদিন ধর্মঘট চললেও সাধারণ মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে হাসপাতাল সংলগ্ন ফার্মেসি এবং জরুরি লাইফ-সেভিং ওষুধ সরবরাহ ব্যবস্থাকে এই ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *