নয়াদিল্লি, ২০ মে: পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (PFRDA)-এর উদ্যোগে বুধবার নয়াদিল্লির ITC Maurya-তে অনুষ্ঠিত হয় অটল পেনশন যোজনার বার্ষিক সংবর্ধনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ব্যাংক ও আরআরবি-র মধ্যে অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক পুনরায় অর্জন করল বিশেষ সম্মান। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ২৮টি আঞ্চলিক গ্রামীণ ব্যাংক-র (Regional Rural Bank) মধ্যে দ্বিতীয় সেরা পারফর্মার হিসেবে সম্মানিত হয়। ব্যাংকের পক্ষ থেকে এই সম্মান গ্রহণ করেন ব্যাংকের মাননীয় চেয়ারম্যান সত্যেন্দ্র সিং। অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্যাংকের এফ আই ম্যানেজার রামলাল চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সরকারের অর্থ মন্ত্রকের ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেস-এর সচিব শ্রী এম. নাগারাজু, স্পেশাল সেক্রেটারি শ্রী সঞ্জয় লোহিয়া, PFRDA-এর চেয়ারম্যান এস. রামান্ন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।
অটল পেনশন যোজনার আওতায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ধারাবাহিক সাফল্য বিশেষভাবে উল্লেখযোগ্য। গত কয়েক অর্থবর্ষে ব্যাংক উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। FY 2025-26 অর্থবর্ষে ১৫,০০০ বার্ষিক লক্ষ্যমাত্রার বিপরীতে ব্যাংক ২৭,৭৮৭টি Active Enrollment সম্পন্ন করে ১৮৫% সাফল্য অর্জন করেছে। এছাড়াও FY 2024-25-এ ব্যাংক ৩৫১% সাফল্য অর্জন করেছিল, যা ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি ও সামাজিক সুরক্ষা কর্মসূচির প্রতি অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।
এই সম্মান ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সমগ্র টিমের নিরলস প্রচেষ্টা, গ্রাহকসেবা ও আর্থিক অন্তর্ভুক্তির প্রতি দায়বদ্ধতারই স্বীকৃতি বলে মনে করছেন ব্যাংক মহল। ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের পক্ষ থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

