কৈলাসহর ডেস্ক, ১৩ জুন।।
ভারত-বাংলাদেশ সীমান্তে ফের চাঞ্চল্য। বিএসএফ-এর গুলিতে নিহত এক বাংলাদেশি পাচারকারী। ঘটনা উত্তর ত্রিপুরার কৈলাসহর মহকুমার ইরানি থানাধীন লাটিয়াপুরা সীমান্ত এলাকায়।বিএসএফ সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যা নাগাদ লাটিয়াপুরা বিওপির ১৮৫২/১৪-এস নম্বর সীমান্ত পিলারের কাছে ১০-১২ জনের একটি চোরাকারবারি দল জড়ো হয়। অত্যন্ত গোপনে বার্মিজ সিগারেট নিয়ে তারা আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিল।সেই সময় সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা চোরাকারবারিদের এই দলটিকে দেখতে পায়। জওয়ানরা তাদের বারবার থামার নির্দেশ দেন এবং পিছু হটার জন্য সতর্কবার্তাও দেয়। কিন্তু অভিযোগ, বিএসএফ-এর সেই সতর্কবার্তা সম্পূর্ণ উপেক্ষা করেই চোরাকারবারিরা আক্রমণাত্মক ভঙ্গিতে সামনের দিকে এগোতে থাকে।পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাওয়ায় এবং নিজের আত্মরক্ষার্থে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তাঁদের কাছে থাকা রাইফেল থেকে দু-রাউন্ড গুলি চালাতে বাধ্য হয়। ফলে জওয়ানদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক পাচারকারী র।
এরপর পুলিশ ও বিএসএফ নিহত পাচারকারীর দেহ হাসপাতালে নিয়ে আসে।তখন কর্তব্যরত চিকিৎসক নির্মল দেববর্মা জানান নিহত পাচারকারীর নাম মজিদ আলী, বয়স আনুমানিক ৩০ বছর।মৃত ব্যক্তি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা।
এই ঘটনার পর থেকেই থমথমে লাটিয়াপুরা সীমান্ত এলাকা। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং চোরাচালান রুখতে ওই সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক হারে জোরদার করা হয়েছে। বিএসএফ-এর পক্ষ থেকে চালানো হচ্ছে কড়া নজরদারি।

