স্পোর্টস ডেস্ক,১৪ জুন।।
দুরন্ত জয় দিয়ে আসর শুরু করলো জম্পুইজলা প্লে সেন্টার। নিজেদের প্রথম ম্যাচে সুবোধ দেববর্মার ছেলেরা পর্যাপ্ত প্রাধান্য দিয়ে খেলে সকলের নজর কেড়ে নেয়। পরাজিত করে সবুজ সংঘকে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত লংতরাই তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে রবিবার দুপুরে অনুষ্ঠিত হয় ম্যাচটি। তাতে জম্পুইজলা প্লে সেন্টার জয়লাভ করে ৩-০ গোলে। এক ঝাঁক জুনিয়র ও সিনিয়র ফুটবলারদের নিয়ে গড়া জম্পুইজলা ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকে। বল দখলের লড়াইয়েও ছিল এগিয়ে।শুরু থেকেই ক্রমাগত আক্রমণে সবুজ সংঘের রক্ষণভাগে চিড় ধরে। আর তাতেই আসে সফলতা। প্রথম গোল পেতে জম্পুই জলা প্লে সেন্টারকে অপেক্ষা করতে হয়েছে মাত্র ১৮ মিনিট। সুখ দয়াল জমাতিয়ার গোলে এগিয়ে যায় জম্পুইজলা। এর পরও ক্রমাগত আক্রমণ করলেও প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি। দ্বিতীয়র্ধে আক্রমণে আরো তেজী ভাব লক্ষ্য করা যায় সুবোধ দেববর্মা ছেলেদের মধ্যে। ৫৮ মিনিটে কৌতল জমাতিয়া দুরন্ত গোল করে ব্যবধান বাড়ান। এর দুই মিনিট পর কিষান দেববর্মা জম্পুইজলা প্লে সেন্টারের জয় নিশ্চিত করে দেন। খেলা পরিচালনা করেন পল্লব চক্রবর্তী।

