কৈলাসহর ডেস্ক, ২৪ জুন ।।
     কৈলাসহর হিরাছড়াতে আবর্জনা ফেলার ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে জনতা। প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে হিরাছড়ার বাসিন্দারা। বুধবার সকালে আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে দেয়। এবং বিক্ষোভ প্রদর্শন করে।
      আন্দোলনকারীদের বক্তব্য দীর্ঘদিন ধরেই কৈলাসহরের বাবুর বাজার এলাকা থেকে আবর্জনা ফেলা হয় হিরাছড়া চা বাগান সংলগ্ন এলাকায়। কৈলাসহর পুর পরিষদ নিয়মিত ভাবে হিরাছড়াতে ফেলছে আবর্জনা। এর ফলে দুর্গন্ধময় হয়ে ওঠে হিরাছড়া। রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাফেরা দায় হয়ে দাঁড়িয়েছে। গোটা এলাকায় তৈরি হয়েছে এক অস্বাস্থ্যকর পরিবেশ। স্থানীয় লোকজন বারবার বিষয়টি প্রশাসনের নজরে নিয়েছে। এবং পুর পরিষদের ডাম্পিং স্টেশন সরানোর কথাও বলেছে। কিন্তু প্রশাসন গুরুত্ব দেয় নি। শেষ পর্যন্ত তারা বাধ্য হয়েছে আন্দোলনে নামতে।
  দীর্ঘক্ষণ পথ অবরোধ চলার পর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। আসেন কৈলাসহর মহকুমা শাসক কার্যালয়ের ডিসিএম মতিরঞ্জন দেববর্মা এবং ইরানি থানার পুলিশ। তারা আন্দোলনকারীদের সাথে কথা বলেন এবং আশ্বস্ত করেন যে, বৃহস্পতিবারের  মধ্যেই সমস্ত আবর্জনার স্তূপ সরানো হবে অন্যত্র।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *