সাব্রুম ডেস্ক, ৩০ জুন। ।
         কলাছড়া ভূরাতলী তাইমং পাড়ায় নির্মাণাধীন একটি গির্জায় কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে এক নির্মাণ শ্রমিকের। তার নাম সঞ্জয় দেবনাথ। বাড়ি আগরতলার পশ্চিম প্রতাপগড়ের  সুরেন্দ্রপল্লীতে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা।
       খবর অনুযায়ী,গির্জার ছাদের কাজ করার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন সঞ্জয় দেবনাথ। সহকর্মীরা দ্রুত তাঁকে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে মনুবাজার থানার পুলিশ। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। যদিও মৃত সঞ্জয় দেবনাথের এক সহকর্মীর বক্তব্য, গির্জার কাচ নিয়ে যাওয়ার সময় তিনি মাটিতে পড়ে যান।এরপরেই তার মৃত্যু হয়।
এই দুর্ঘটনাকে কেন্দ্র করে শ্রম দপ্তরের নিয়মিত পরিদর্শন ও নিরাপত্তা বিধি বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা । তাঁদের দাবি, নির্মাণকাজে শ্রমিকদের জন্য হেলমেট, সেফটি বেল্ট, নিরাপত্তা জালসহ প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে।কিন্তু শ্রম দপ্তর এই ধরনের কোনো কার্যকলাপ করছে না। ফলে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে না থেকেই কাজ করছে শ্রমিকরা।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *