কর্মশালায় ত্রিপুরার ডিজিটাল প্রশাসন ও সাইবার নিরাপত্তা ক্ষেত্রে অর্জিত সাফল্য তুলে ধরা হয়। ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্য বাস্তবায়নের পাশাপাশি নাগরিকদের তথ্য সুরক্ষা, সাইবার স্থিতিশীলতা বৃদ্ধি এবং নিরাপদ ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করা হয়।
ডেস্ক রিপোর্টার,৩০ জুন।।
রাজ্যের সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে আগরতলার প্রজ্ঞা ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত হলো রাজ্যস্তরের পরামর্শমূলক কর্মশালা। “রাজ্যের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা কাঠামো শক্তিশালীকরণ” শীর্ষক এই কর্মশালার আয়োজন করে ত্রিপুরা সরকারের তথ্য প্রযুক্তি অধিদপ্তর। কর্মশালাটি অনুষ্ঠিত হয় ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীন ন্যাশনাল ই-গভর্নেন্স ডিভিশন (NeGD)-এর সহযোগিতায়।
কর্মশালায় ত্রিপুরার ডিজিটাল প্রশাসন ও সাইবার নিরাপত্তা ক্ষেত্রে অর্জিত সাফল্য তুলে ধরা হয়। ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্য বাস্তবায়নের পাশাপাশি নাগরিকদের তথ্য সুরক্ষা, সাইবার স্থিতিশীলতা বৃদ্ধি এবং নিরাপদ ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করা হয়।
মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার নেতৃত্ব এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের দিকনির্দেশনায় ত্রিপুরা উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম শীর্ষ ডিজিটাল প্রশাসনিক রাজ্যে পরিণত হয়েছে বলে কর্মশালায় জানানো হয়। গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত ই-অফিস চালু করে সম্পূর্ণ কাগজবিহীন প্রশাসনের ক্ষেত্রে ত্রিপুরা দেশের প্রথম রাজ্য হিসেবে নজির স্থাপন করেছে বলেও তুলে ধরা হয়।
এছাড়াও ত্রিপুরা স্টেট ডাটা সেন্টারের আধুনিকীকরণ, ত্রিপুরা সিকিউরিটি অপারেশনস সেন্টার (TSOC) প্রতিষ্ঠা, SWAN ও HSWAN নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রামীণ এলাকায় ভারতনেট প্রকল্পের বাস্তবায়ন এবং নাগরিকমুখী একাধিক ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর বিষয়গুলি আলোচনায় গুরুত্ব পায়।
কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যসচিব জিতেন্দ্র কুমার সিনহা। উপস্থিত ছিলেন রাজ্যের পুলিশ মহাপরিচালক অনুরাগ, প্রধান মুখ্য বন সংরক্ষক আর. কে. সামল, তথ্য প্রযুক্তি অধিকর্তা জেয়া রাগুল গেশান বি-সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক, NeGD-এর প্রতিনিধিরা এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।
জানা গেছে, এই কর্মশালা কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের একটি বৃহত্তর জাতীয় পরামর্শ প্রক্রিয়ার অংশ। রাজ্যগুলির তথ্য ও ডিজিটাল পরিকাঠামোর সুরক্ষা আরও জোরদার করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী আগস্ট মাসে একটি জাতীয় পর্যায়ের সম্মেলনের মাধ্যমে এই পরামর্শ প্রক্রিয়ার সমাপ্তি ঘটবে।

