ডেস্ক রিপোর্টার,১৫ জুলাই।।
প্রযুক্তির হাত ধরে আমজনতার আরও কাছে পৌঁছাল রাজ্য সরকার। ত্রিপুরা প্রশাসনকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনমুখী করে তুলতে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন রাজ্য সরকারের নতুন উদ্যোগ ‘যোদ্ধা’ ওয়েবসাইটের।
এদিন আগরতলার ত্রিপুরা ইনফরমেশন অ্যান্ড ট্রান্সফরমেশন বিভাগের সভা কক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ‘যোদ্ধা’ পোর্টাল চালুর পাশাপাশি ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির মাধ্যমে ভার্চুয়ালভাবে রাজ্যের বিভিন্ন জেলার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। তাঁদের বিভিন্ন সমস্যা ও অভাব-অভিযোগের কথা শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমেই সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব। প্রশাসনকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জনগণের প্রতি দায়বদ্ধ রাখতেই এই ধরণের ডিজিটাল উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ডিজিটাল ত্রিপুরার লক্ষ্যে এই উদ্যোগ এক বড় মাইলফলক বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এর ফলে আমজনতা ও প্রশাসনের দূরত্ব আরও কমবে বলে আশাবাদী রাজ্য সরকার।

