ডেস্ক রিপোর্টার, ১৮ জুলাই।।
রাজ্য পুলিশের বহরে যুক্ত হলো নতুন অধ্যায়। সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল ৯২ তম পুরুষ পুলিশ কনস্টেবল ব্যাচের পাসিং আউট প্যারেড। শনিবার আর কে নগরস্থিত এ চন্দ্র রামা রাও টিএসআর প্রশিক্ষণ কেন্দ্রে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ব্যাচের প্রশিক্ষণ পর্বের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ, মুখ্য সচিব জে কে সিনহা সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।শপথ গ্রহণ ও আকর্ষণীয় কুচকাওয়াজ
এদিনের অনুষ্ঠানে মোট ৪৭০ জন নবনিযুক্ত জওয়ান পাসিং আউট প্যারেডে অংশ নেন। যার মধ্যে ৪৬৯ জন ত্রিপুরা পুলিশ এবং ১ জন টিএসআর (TSR) জওয়ান রয়েছেন। অনুষ্ঠানের শুরুতেই নবনিযুক্ত কনস্টেবলদের দেশ ও দশের সেবায় নিয়োজিত থাকার শপথ বাক্য পাঠ করানো হয়।এরপর এক আকর্ষণীয় ও সুশৃঙ্খল কুচকাওয়াজ প্রদর্শনের মাধ্যমে জওয়ানেরা মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা ত্রিপুরা পুলিশের গৌরবময় ও সাফল্যের ইতিহাস স্মরণ করিয়ে দেন। তিনি নতুন কনস্টেবলদের উদ্দেশ্যে বলেন,পেশাদারিত্বের পাশাপাশি সাধারণ মানুষের প্রতি সংবেদনশীল হতে হবে। সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের পুলিশ বাহিনীকে আরও আধুনিক, দক্ষ, প্রযুক্তি-নির্ভর এবং জনবান্ধব হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে স্বাগত ভাষণে রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ জানান, নতুন জওয়ানদের শুধুমাত্র শারীরিক সক্ষমতা বৃদ্ধির উপরই জোর দেওয়া হয়নি, বরং তাদের একটি দক্ষ ও দায়িত্বশীল পুলিশ সদস্য হিসেবে গড়ে তুলতে সমন্বিত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।প্রশিক্ষণের মূল বিষয়গুলি ছিল শারীরিক সক্ষমতা ও শৃঙ্খলা অনুশীলন।আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা।আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন।
দুর্যোগ মোকাবেলা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণ।এই নতুন ব্যাচের অন্তর্ভুক্তির ফলে রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করছে ওয়াকিবহাল মহল।

