তেলিয়ামুড়া ডেস্ক, ২১ সেপ্টেম্বর।।
কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ১৪ বছরের নাবালিকা ধর্ষণের ঘটনা ঘিরে আন্দোলিত হয়ে উঠে গোটা এলাকা। এই ঘটনায় তেলিয়ামুড়া থানার পুলিশ চূড়ান্ত তৎপরতা দেখিয়ে অভিযুক্ত’কে গ্ৰেফতার করল। অভিযুক্তের নাম সত্যম শীল। নিজ বাড়ি থেকেই সত্যমকে গ্রেফতার করে পুলিশ। ঘটনা স্থানীয় মাইগঙ্গাতে।
থানা সূত্রে খবর, নাবালিকা ধর্ষণ কাণ্ডে তেলিয়ামুড়া থানার পুলিশ মামলা (৫৪/২০২৬ ) রুজু করে তদন্তে নামে। এবং গ্রেফতার করে অভিযুক্ত সত্যম শীলকে। তার বিরুদ্ধে BNS 65(1) ও POCSO Act-এর 4(2) ধারায় মামলা নেয় পুলিশ।
ঘটনার সূত্রপাত ১৯ সেপ্টেম্বর, শনিবার। ওইদিন নাবালিকার মা-বাবা কোনো এক বিশেষ কারণে বাড়িতে ছিলেন না। ফলে নাবালিকা বাড়ির বাইরে যায় তার কাকার বাড়িতে। ফেরার পথে অভিযুক্ত সত্যম শীল ওই নাবালিকা’কে টেনে হিঁচড়ে বাড়ির পাশের টিলা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। পরিবারের লোকজন’কে শনিবার ওই নাবালিকা কিছু না বললেও রবিবার তার শারীরিক বিভিন্ন অস্বস্তি বোধ করলে তার মা’কে সে বিষয়টি জানায়। এর পর পরই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। কিশোরীর মুখ থেকেই নাকি মেলে ঘটনার ইঙ্গিত। এরপরেই পরিবারের লোকজন থানায় এসে মামলা দায়ের করে।
পুলিশের খাতায় অভিযোগ উঠলেই কেউ দোষী তাও নয়। আসল সত্য কী, তা এখন তদন্ত সাপেক্ষ। নাবালিকার বয়সের বৈধ নথি, মেডিক্যাল রিপোর্ট, আদালতে গোপন জবানবন্দি এবং বৈজ্ঞানিক তথ্য-প্রমাণই শেষ কথা বলবে।

