ডেস্ক রিপোর্টার, ৪ আগস্ট।।
সাত বছরের রাজনৈতিক জীবনকে আলবিদা জানিয়ে পুরানো “শিক্ষকতা”র পেশায় ফিরে গেলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা। তিনি যোগ দিয়েছেন তাঁর পূর্বের কর্মস্থল আগরতলার মহাত্মা গান্ধী মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। তিনি স্নাতকোত্তর শিক্ষক (রাষ্ট্রবিজ্ঞান) হিসেবে পুনরায় গান্ধী স্কুলে দায়িত্ব গ্রহণ করেছেন। রেবতী ত্রিপুরার এই প্রত্যাবর্তন শিক্ষক, শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের মধ্যে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। অনেকেই এটিকে রাজনীতির গণ্ডি পেরিয়ে শিক্ষা ও সুস্থ সমাজ গঠনে অবদান রাখার এক অনুপ্রেরণা মূলক উদাহরণ হিসেবে দেখছেন।
যদিও রেবতী ত্রিপুরা বলেছেন, তিনি রাজনীতিকে আলবিদা দেন নি। বর্তমান সময়ে পার্টিতে কাজকর্ম কম। তাই তিনি পুনরায় স্কুলে ফিরে এসেছেন শিক্ষকতা করতে। তিনি আছেন বিজেপিতেই। এবং থাকবেন। অর্থাৎ শিক্ষকতার পাশাপাশি তিনি চালিয়ে যাবেন রাজনীতিও।

