তেলিয়ামুড়া ডেস্ক, ২০ আগস্ট।।
তেলিয়ামুড়া শহরে এবছর প্রথমবারের মতো সাড়ম্বরে অনুষ্ঠিত হতে চলেছে গণপতি উৎসব ও মেলা–২০২৬। তেলিয়ামুড়া ইয়ুথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলাকেন্দ্র তথা টাউন হল মাঠে এই উৎসব ও মেলার আয়োজন করা হয়েছে।
চারদিনব্যাপী এই আয়োজনে থাকবে গণপতি পূজার্চনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের মেলার আয়োজন। পাশাপাশি উৎসবকে কেন্দ্র করে সংস্থার পক্ষ থেকে একাধিক সমাজসেবামূলক কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে বলে জানান সংগঠনের সদস্যরা।
বৃহস্পতিবার, এই মহৎ আয়োজনের প্রথম প্রস্তুতি হিসেবে সম্পন্ন হয় খুঁটি পূজা। খুঁটি পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এবারের গণপতি উৎসব ও মেলার প্রস্তুতি পর্ব।
উল্লেখ্য, এর আগেও তেলিয়ামুড়া ইয়ুথ অ্যাসোসিয়েশন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তেলিয়ামুড়া মহকুমা তথা গোটা খোয়াই জেলায় সাড়া ফেলেছে। এবারও সংগঠনের উদ্যোগে প্রথমবারের মতো গণপতি উৎসব ও মেলাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
সংস্থার পক্ষ থেকে তেলিয়ামুড়া মহকুমা, খোয়াই জেলা সহ গোটা রাজ্যের আপামর জনসাধারণকে এই গণপতি উৎসব ও মেলায় সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।

