তেলিয়ামুড়া ডেস্ক, ২২ আগস্ট।।
সরকারি বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার বিস্ফোরক অভিযোগ উঠল তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের জুনিয়র ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ বিশ্বাসের বিরুদ্ধে। ব্রহ্মছড়া এলাকার বাসিন্দা খোকন দাসের পরিবারের অভিযোগ, নতুন সংযোগ দেওয়ার কথা বলে প্রায় এক বছর আগে তাঁদের কাছ থেকে ৩,৬০০ টাকা নেওয়া হলেও, সরকারি নথিতে সেই সংযোগের কোনো অস্তিত্বই নেই।ভুক্তভোগী গ্রাহকের স্ত্রী সবিতা মোদক জানান, জুনিয়র ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ বিশ্বাসের হাতে ৩,৬০০ টাকা তুলে দেওয়ার পর বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। কিন্তু দীর্ঘ এক বছর ধরে কোনো বিল না আসায় সন্দেহ তৈরি হলে তাঁরা তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের ডিভিশন-১ অফিসে যোগাযোগ করেন। সেখানেই ধরা পড়ে চাঞ্চল্যকর জালিয়াতি—সরকারি খাতায় তাঁদের বিদ্যুৎ সংযোগ নথিভুক্তই হয়নি!
ঘটনা সামনে আসতেই দপ্তর থেকে সংযোগটি বিচ্ছিন্ন করা হয় এবং নিয়মানুযায়ী সংযোগ বৈধ করতে এক বছরের বকেয়া বিল বাবদ প্রায় ১০ হাজার টাকা চাওয়া হয়। পরবর্তীতে সমঝোতার মাধ্যমে ৬ হাজার টাকা পরিশোধ করে পরিবারটি সংযোগটি অফিসিয়াল করেন। তবে জুনিয়র ইঞ্জিনিয়ারের কাছে পূর্বে দেওয়া ৩,৬০০ টাকার হিসাব চাইতে গেলে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, “অফিসে অভিযোগ করেছেন কেন?” এবং টাকা ফেরত দিতে অস্বীকার করেন।
স্থানীয় সূত্রের দাবি, বিশ্বজিৎ বিশ্বাসের বিরুদ্ধে বিদ্যুৎ পরিষেবা, গ্রাহকদের সঙ্গে দূরব্যবহার এবং আর্থিক অনিয়মের এমন অসংখ্য অভিযোগ রয়েছে। সরকারি কর্মচারীর এহেন প্রতারণামূলক আচরণে ক্ষোভ বাড়ছে এলাকায়।
Oplus_16908288