ডেস্ক রিপোর্টার, ২৭ আগস্ট।।
       উত্তর প্রদেশের শামলি জেলার কাইরানা এলাকায় দুষ্কৃতীদের বুলেটে ঝাঁঝরা হয়ে গেলো জনপ্রিয় হরিয়ানভি গায়ক অঙ্কিত বালিয়ান। স্থানীয় একটি  জিমের বাইরে মোটর সাইকেলে সওয়ার হওয়া দুই মুখোশধারী দুষ্কৃতী অঙ্কিতকে খুব সামনে থেকে গুলি করে।ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।হামলাকারীরা মোট আঠারো রাউন্ড গু*লি চালায়, তার মধ্যে পাঁচটি গুলি গায়কের শরীরে লাগে এবং এরপর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই তথ্য নিশ্চিত করেছে উত্তর প্রদেশ পুলিশ। ঘটনা বৃহস্পতিবার সকালে।
             সাত সকলের এই খুনের ঘটনায় চমকে উঠে কাইরানা এলাকার মানুষ। জনমনে বিরাজ করে আতঙ্ক। ঘটনার সঙ্গে সঙ্গেই ছুটে আসে পুলিশ। রক্তাক্ত অবস্থায় গায়ক অঙ্কিত বালিয়ানকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।তদন্তকারী পুলিশ স্থানীয় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। এবং এই ফুটেজ পর্যালোচনা করে সাগর নামে এক সন্দেহভাজন এবং অন্য এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। খুনের কাজে ব্যবহৃত অস্ত্রের ধরন নির্ধারণের জন্য ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে আঠারোটি গুলির খালি কার্তুজ উদ্ধার করেছে।
    গায়ক অঙ্কিত বালিয়ান  “কোর্ট মে গলি মরেঙ্গে” গানটির জন্য সুপরিচিত  ছিলেন। তবে তাঁর বিরুদ্ধে  আঠারোটি ফৌজদারি মামলা ছিল। এক ব্যক্তিকে হত্যা ও হত্যার চেষ্টা করার অভিযোগের মামলা ছিলো তার বিরুদ্ধে। সম্প্রতি এই মামলা থেকে জামিনে মুক্তি পেয়েছেন গায়ক অঙ্কিত।
তদন্তকারী পুলিশের ধারণা অঙ্কিত হত্যাকাণ্ড পরিকল্পিত। এবং তার পূর্ব শত্রুতার জের ধরেই গ্যাং ওয়ারে বলি হয়েছেন গায়ক অঙ্কিত বালিয়ান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *