ডেস্ক রিপোর্টার , ৭ সেপ্টেম্বর ।।
রাজধানীতে পিস্তল সহ গ্রেফতার বিহারের দুই যুবক। তাদের কাছ থেকে দুইটি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।শহর সংলগ্ন শালবাগান বিএসএফ ক্যাম্প লাগোয়া এলাকায় পুলিশ – আসাম রাইফেলস যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে। সোমবার তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ
এনসিসির এসডিপিও সুব্রত বর্মন জানিয়েছেন, প্রাপ্ত খবরের ভিত্তিতে রবিবার রাতে পুলিশ – আসাম রাইফেলস যৌথ ভাবে অভিযান চালায়। তখনই রাস্তার মধ্যে দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং তাদের তল্লাশি করে দুইটি দেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ৮ রাউন্ড তাজা কার্তুজ, দুইটি মোবাইল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে,” ধৃত দুই যুবক বিহারের বাসিন্দা। তারা বিশেষ একটা ব্যবসার সঙ্গে জড়িত। এই ব্যবসার সুবাদে তারা এখানে এসেছে। এবং সঙ্গে মজুত করেছিল অস্ত্র।
তদন্তকারী পুলিশের দাবি ঘটনার শিকড় অনেক দূর প্রোথিত। তার জন্য আদালতের কাছে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে। রিমান্ডে এনেই তাদের জিজ্ঞাসাবাদ করে মূল রহস্য উন্মোচন করা হবে।

