ডেস্ক রিপোর্টার,১২ সেপ্টেম্বর।।
     দিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের যৌথ ঘোষণা ‘দিল্লি ঘোষণাপত্র ২০২৬’-এ পহেলগাঁও জঙ্গি হামলার কঠোর নিন্দা জানানো হয়েছে। সদস্য দেশ হিসেবে রাশিয়া, চিন, ইরান, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিল একযোগে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করায় বিশ্বমঞ্চে কূটনৈতিকভাবে চাপে পড়ল ইসলামাবাদ। 
২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সাধারণ নাগরিকদের ওপর ঘটে যাওয়া বর্বর জঙ্গি হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে যৌথ ইশতেহারে।   সীমান্তপারের সন্ত্রাসবাদ, জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল এবং অর্থ জোগানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দেওয়া হয়েছে।
   সন্ত্রাসবাদের মোকাবিলায় বৈশ্বিক পর্যায়ে কোনো ধরনের ‘দ্বিমুখী নীতি’ বা ‘ডাবল স্ট্যান্ডার্ড’ মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট করা হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারত ও ব্রাজিলের স্থায়ী ও কার্যকর ভূমিকার দাবিকে সমর্থন জানিয়েছে রাশিয়া ও চিনের মতো প্রভাবশালী দেশগুলি। 
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, চিনের মতো বন্ধুরাষ্ট্রের উপস্থিতি সত্ত্বেও ব্রিকসের যৌথ মঞ্চ থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের তোলা সুরের সমর্থন মেলা পাকিস্তানের জন্য একটি বড় কূটনৈতিক ধাক্কা।প্রসঙ্গত পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের ছায়া সংগঠন টিআরএফের চার জঙ্গি। এই হামলার জবাবে ৭ মে ভোর-রাতে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *