তেলিয়ামুড়া ডেস্ক, ১৩ সেপ্টেম্বর।।
তেলিয়ামুড়া থানার অন্তর্গত জারুইলংবাড়ি এলাকায় শনিবার রাতে আসাম–আগরতলা জাতীয় সড়কে এক ভয়াবহ বাইক দুর্ঘটনায় সঞ্জয় দেববর্মা ও বিশু কুমার দেববর্মা নামের দুই জনজাতি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা দেখা দেয়।
দুর্ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট না হওয়া পর্যন্ত ময়নাতদন্ত করতে বাধা দেন মৃতদের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি—ঘটনাস্থলে ঠিক কী ঘটেছিল এবং এর পেছনে অন্য কোনো গাফিলতি ছিল কি না, তা পুলিশকে আগে স্পষ্ট করতে হবে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে উপস্থিত হয় তেলিয়ামুড়া থানার পুলিশ। পরবর্তীতে বেলা ২টো নাগাদ এমডিসি জিতেন দেববর্মা ও পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে নিরপেক্ষ ও যথাযথ তদন্তের আশ্বাস দিলে অবশেষে বরফ গলে।
শেষে পরিবারের সদস্যরা ময়নাতদন্তে সম্মতি জানানোর পর দেহ দুটি মর্গে পাঠানো হয়। বর্তমানে ময়নাতদন্তের রিপোর্ট ও পুলিশি তদন্তের চূড়ান্ত উত্তরের অপেক্ষায় রয়েছেন নিহতের স্বজনরা।

