স্পোর্টস ডেস্ক, ১৩ সেপ্টেম্বর।।
শেষ ম্যাচে রানে ফিরলেন সংহতির ব্যাটসম্যান-রা। তাতেই ব্লাড মাউথ ক্লাবের বিরুদ্ধে বড় স্কোর গড়ার স্বপ্ন দেখছে সংহতি ক্লাব। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত জে সি লিগ ক্রিকেটে। নরসিংগড় টি আই টি মাঠে অনুষ্ঠিত ম্যাচের প্রথম দিনের শেষে সংহতি ৬ উইকেট হারিয়ে ২৭৭ রান করে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ব্লাড মাউথের বোলারদের সামনে কড়া প্রতিরোধ গড়ে তুলেন সংহতির দুই ওপেনার শুভম সূত্রধর এবং দ্বীপজয় দেব। ওপেনিং জুটিতে দুজন ৭১ রান যোগ করে দলকে বড় স্কোর গড়ার ইঙ্গিত দেন। দ্বীপজয় ৮৪ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩৫ রান করে আউট হওয়ার পর শুভমের সঙ্গে রুখে দাড়ান তন্ময় ঘোষ। ওই জুটি কড়া প্রতিরোধ গড়ে তুলেন। ঠান্ডা মাথায ব্যাট করে এগিয়ে নিয়ে যেতে থাকেন দলকে। দ্বিতীয় উইকেটে দুজন যোগ করেন ১১৯ রান। শুভম ১৫০ বল কেলে ১০ টি বাউন্ডারির সাহায্যে ৮১ এবং তন্ময় ৯০ বল খেলে ১১ টচি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮১ রান করেন। এরপর রিমন সাহা এবং দীপাঞ্জন ভৌমিক সাময়িক প্রতিরোধ গড়ে তুলেন। দীপাঞ্জন ৫৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৬ রান করেন। শেষ পর্যন্ত প্রথম দিনের শেষে সংহতি ৮২ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২৭৭ রান করে। রিমন ৮২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ৩৩ রানে অপরাজিত থেকে যান। ব্লাডমাউথ ক্লাবের পক্ষে দীপ্তনু চক্রবর্তী ৬৪ রানে ৩ টি এবং অমিত আলি ৭১ রানে ২ টি উইকেট দখল করেন।

