সালেমা ডেস্ক,২১ সেপ্টেম্বর।।
সন্ধ্যা নামলেই একের পর এক বিদ্যুৎ বিভ্রাট। অন্ধকারে ডুবে যাচ্ছে সালেমা বিদ্যুৎ উপকেন্দ্রের আওতাধীন বিস্তীর্ণ এলাকা। প্রতিদিনের এই ভোগান্তিতে কার্যত নাজেহাল সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে সন্ধ্যার পর বিদ্যুৎ পরিষেবা নিয়ে অভিযোগ থাকলেও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের মধ্যে।
স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন সন্ধ্যার পর বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনা ঘটছে। কখনও দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকছে, আবার কখনও বিদ্যুৎ এলেও কিছুক্ষণের মধ্যেই ফের বিভ্রাট দেখা দিচ্ছে। ফলে পড়ুয়াদের পড়াশোনা থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কাজকর্ম—সব ক্ষেত্রেই সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।এই পরিস্থিতির মধ্যেই এবার বিদ্যুৎ উপকেন্দ্রের অফিসে কর্মীদের মদ্যপানের আসর বসার অভিযোগ ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে।
বাসিন্দাদের বক্তব্য, , বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে তারা সালেমা বিদ্যুৎ উপকেন্দ্রের অফিসে যান। সেখানে কর্মীদের পাশাপাশি একজন সিনিয়র ম্যানেজারকেও উপস্থিত দেখতে পান তারা। বাসিন্দাদের কথায়,, অফিসের ভিতরে কয়েকজনকে বিদ্যুৎকর্মীকে মদ্যপানের আসরে বসে থাকতে দেখেন। লোকজন দেখে তারা সঙ্গে সঙ্গে অফিস থেকে বেরিয়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, সন্ধ্যার পর বারবার বিদ্যুৎ চলে যাওয়ার প্রকৃত কারণ কী? সমস্যাটি প্রযুক্তিগত হলে তার স্থায়ী সমাধান কেন হচ্ছে না? আর কর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা থাকলে দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে? সাধারণ মানুষের দাবি, শুধু আশ্বাস নয়—বিদ্যুৎ পরিষেবার নিরবচ্ছিন্নতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

