ডেস্ক রিপোর্টার,২৫ সেপ্টেম্বর।।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, তাতে স্পষ্ট মুখ্য নির্বাচন কমিশনার অন্য নির্বাচন কমিশনারদের উপেক্ষা করে একনায়কের মতো সিদ্ধান্ত নিয়েছেন। আর তা নিয়ে বির্তকের সৃষ্টি হয়েছে। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মূলত নির্বাচন কমিশনের অন্দরে একতরফা সিদ্ধান্ত গ্রহণ, ভোটার তালিকা সংশোধ এবং নির্বাচন প্রক্রিয়া ব্যবস্থাপনায় অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অনুসন্ধানী প্রতিবেদন এবং বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগের ভিত্তিতে উঠে আসা মূল বিষয়গুলো হলো- কমিশনকে অন্ধকারে রেখে একতরফা সিদ্ধান্ত।নতুন ভোটার নিবন্ধনের (ফর্ম-৬) নিয়ম পরিবর্তন।স্পেশাল ইনটেনসিভ রিভিশন এবং ভোটার নাম কাটার অভিযোগ।ডেটাবেস ও আইটি সিস্টেমের কেন্দ্রীয়করণ।
অভিযোগ উঠেছে যে, তিন সদস্যের নির্বাচন কমিশনের অন্য দুই নির্বাচন কমিশনার ডঃ সুখবীর সিং সান্ধু এবং ডঃ বিবেক জোশীকে অন্ধকারে রেখে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একতরফাভাবে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। গত ১০ মাসে অন্ততঃ ১৪ বার অন্য দুই কমিশনার নির্বাচন কমিশনের নিয়ম ও ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে লিখিত আপত্তি জানালেও সেগুলো উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ।দ্বিতীয়তঃ,নতুন ভোটারদের নাম তালিকাভুক্ত করার জন্য ‘ফর্ম-৬’-এ একটি বিশেষ ও নতুন শর্ত যুক্ত করা হয়েছিল। অভিযোগ অনুযায়ী, আইনি ও প্রশাসনিক অনুমোদন ছাড়াই বেআইনিভাবে এই প্রশ্নটি যোগ করা হয়, যার উদ্দেশ্য ছিল নতুন ভোটারদের নথিভুক্তিকরণে জটিলতা তৈরি করা। কমিশনার সান্ধু এই পদক্ষেপকে “অননুমোদিত এবং অবৈধ” বলে বর্ণনা করেন।তৃতীয়তঃ,বিশেষ ভোটার তালিকা সংশোধন বা SIR প্রক্রিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার এবং নতুন নাম সংযোজনের ক্ষেত্রে স্বচ্ছতা না রাখার অভিযোগ উঠেছে। বিরোধীদের দাবি,এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটারদের ভোটাধিকার খর্ব করা হয়েছে এবং ক্ষমতাসীন দলের সুবিধার জন্য ভোটার তালিকা ম্যানিপুলেট করা হয়েছে।চতুর্থতত,ইলেকশন কমিশনের ডিজিটাল পোর্টাল এবং ভোটার ডেটাবেসের অ্যাক্সেস একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণ ও কেন্দ্রীয়করণ করার অভিযোগ উঠেছে। স্থানীয় নির্বাচন আধিকারিকদের ক্ষমতা কমিয়ে সিস্টেমের ওপর অতিরিক্ত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বসানো নিয়ে দুই কমিশনার আপত্তি তুলেছিলেন এবং ক্যাবিনেট সচিবের কাছেও চিঠি লিখেছিলেন।
নির্বাচন কমিশন বিতর্ক এবার সুপ্রিম কোর্টে।ঘোরতর অনিয়মের জেরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হোক।সেই দাবিতে শুক্রবার শীর্ষ আদালতে দায়ের হল জনস্বার্থ মামলা।শুধু শাস্তি নয়, নির্বাচন কমিশনার হিসাবে জ্ঞানেশের নেওয়া সব সিদ্ধান্ত বাতিল করারও দাবি করা হয়েছে সংশ্লিষ্ট মামলায়।

