ডেস্ক রিপোর্টার, ১ অক্টোবর।।
দরজায় কড়া নাড়ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গাপূজা। দেবী দুর্গার আগমন ঘিরে রাজ্যজুড়ে উৎসবের মেজাজ। তবে দিন যত এগোচ্ছে, ততই ব্যস্ততা বাড়ছে মৃৎশিল্পীদের। মাটির কাঠামোয় মা দুর্গার রূপ ফোটাতে দিন-রাত এক করে কাজ করছেন তাঁরা।
উৎসবের মরসুমে প্রতিমার চাহিদা ও লাভ-ক্ষতির চিত্র জানতে তেলিয়ামুড়ার নেতাজি নগর এলাকার মৃৎশিল্পী দীপক দেবনাথের কারখানায় গিয়ে দেখা গেল চরম ব্যস্ততা। ২০ বছর ধরে এই পেশায় যুক্ত দীপক বাবু জানান, এবছর চাহিদা বেশ ভালো। তিনি একাই ১৯টি দুর্গা প্রতিমার অর্ডার নিয়েছেন, যা তাঁর কাজের ইতিহাসে সর্বাধিক।তবে চাহিদার ঊর্ধ্বগতি সত্ত্বেও মুখে হাসির বদলে চিন্তার ভাঁজ। খড়, মাটি, বাঁশ, রঙ ও সাজসজ্জার উপকরণের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় প্রতিমা তৈরির খরচ একলাফে অনেক বেড়ে গেছে। ফলে কঠোর পরিশ্রমের তুলনায় লাভের পরিমাণ সীমিত।এর পাশাপাশি দেখা দিয়েছে দক্ষ শ্রমিকের তীব্র অভাব। নতুন প্রজন্ম ঐতিহ্যবাহী এই শিল্পে মুখ ফিরিয়ে নেওয়ায় বাধ্য হয়ে এবছর বেশ কিছু অর্ডার ফিরিয়ে দিতে হয়েছে দীপক বাবুকে।
মূল্যবৃদ্ধি ও শ্রমিক সংকটের টানাপোড়েনের মাঝেও মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপে সাজিয়ে তুলতে নিরলস পরিশ্রম করে চলেছেন মৃৎশিল্পীরা, যাঁর ছোঁয়ায় কাটবে পুজোর দিনগুলি।

