তেলিয়ামুড়া ডেস্ক, ১ অক্টোবর।।

ফের মাদক উদ্ধারে সাফল্য পেল খোয়াই জেলার মুঙ্গিয়াকামি থানার পুলিশ। পরিত্যক্ত অবস্থায় থাকা একটি গাড়ি থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য দেড় থেকে দুই লক্ষ টাকা।

ঘটনা সম্পর্কে মুঙ্গিয়াকামি থানার ওসি জানান, গতকাল রাত আনুমানিক ১২টার সময় মুঙ্গিয়াকামি থানার অন্তর্গত এলাকায় থানার অফিসার ও স্টাফরা নাইট মোবাইল পেট্রোলিং এবং নাকা চেকিং ডিউটি করছিলেন। সেই সময় রাস্তার পাশে একটি গাড়ি দীর্ঘক্ষণ ধরে পার্কিং অবস্থায় দেখতে পান তাঁরা।

গাড়িটির কাছে কোনো চালক বা মালিককে দেখতে না পেয়ে পুলিশের সন্দেহ হয়। অনেকক্ষণ অপেক্ষা করার পরও কেউ গাড়িটি নিতে না আসায় এসডিএম-এর উপস্থিতিতে এনডিপিএস আইনের বিধি মেনে গাড়িতে তল্লাশি চালানো হয়।তল্লাশিতে গাড়ির ভেতর থেকে একটি ব্যাগ উদ্ধার হয়। সেই ব্যাগের ভেতর থেকেই ১৪ কেজি শুকনো গাঁজা ভর্তি প্যাকেট উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। কে বা কারা এই গাঁজা পাচারের সাথে জড়িত, তার তদন্ত শুরু করেছে পুলিশ। গাড়ির মালিকের খোঁজে তল্লাশি চলছে। এই ঘটনায় থানায় এনডিপিএস ধারায় একটি মামলা নেওয়া হয়েছে।।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *